পাকিস্তানের প্রতি কঠোর অবস্থান নিচ্ছে যুক্তরাষ্ট্র
দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিনের মিত্রদেশ পাকিস্তানের সঙ্গে দৃশ্যত কঠোর হতে যাচ্ছে মার্কিন প্রশাসন। প্রতিবেশী দেশ আফগানিস্তানে পাকিস্তানভিত্তিক জঙ্গিদের অব্যাহত হামলা প্রতিহত করতে এই উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তা। তবে এর সাফল্য নিয়ে যুক্তরাষ্ট্রেই সংশয় রয়েছে।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, পাকিস্তানে সন্ত্রাসীদের ওপর ড্রোন হামলা বাড়ানো এবং কিছু সাহায্য-সহায়তা তুলে নেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র।
তবে এ ধরনের সম্ভাব্য কঠোর ব্যবস্থার সাফল্যের সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা সংশয় প্রকাশ করেছেন। তাঁদের যুক্তি, জঙ্গি দলগুলোকে পাকিস্তানের মদদদান ঠেকাতে অতীতে নেওয়া যুক্তরাষ্ট্রের উদ্যোগ কার্যত ব্যর্থ হয়েছে। তবে এতে প্রতিবেশী ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা কমে এসেছে।
এ প্রসঙ্গে এখনই প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউস কিংবা পেন্টাগন। ওয়াশিংটনে অবস্থিত পাকিস্তানের দূতাবাসও এ প্রসঙ্গে কিছু বলতে রাজি হয়নি। তবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত হামদুল্লাহ মুহিব ইঙ্গিত দিয়েছেন, মার্কিন কড়াকড়ির খবর সত্যি। তিনি বলেন, ‘আমি মনি করি, পাকিস্তানের সঙ্গে অতীতের তুলনায় বেশ কঠোর অবস্থান নিতে চলেছে যুক্তরাষ্ট্র।’
পাকিস্তানের ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, ট্রাম্প প্রশাসন তাঁর দেশের প্রতি কঠোর হবে বলে মনে হয় না।
আফগানিস্তানে দীর্ঘ ১৬ বছর ধরে চলা যুদ্ধকৌশলের আঞ্চলিক পর্যালোচনা শেষে যুক্তরাষ্ট্রের ভাষ্য হলো, তারা পাকিস্তানের সহযোগিতা চায়, সম্পর্কে ছেদ নয়। পেন্টাগনের মুখপাত্র অ্যাডাম স্ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তাসংক্রান্ত কিছু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান একে অপরের সহযোগী। তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।