পাকিস্তানের প্রধান বিচারপতি হিসেবে জিলানির শপথ
পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি হিসেবে গতকাল বৃহস্পতিবার শপথ নিয়েছেন তাসাদুক হোসাইন জিলানি। আগের দিন অবসর নেন তাঁর পূর্বসূরি ইফতেখার মুহাম্মদ চৌধুরী।
রাজধানী ইসলামাবাদে গতকাল জিলানিকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট মামনুন হোসাইন। এ সময় প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং বিভিন্ন মন্ত্রীসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাকিস্তানের প্রধান বিচারপতি হিসেবে ২০০৫ সালে নিয়োগ পান ইফতেখার। সে সময় দেশটিতে জেনারেল পারভেজ মোশাররফের সামরিক শাসন চলছিল। আবার মোশাররফের পতনের পেছনে যাঁরা বড় ভূমিকা রাখেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ইফতেখার। দীর্ঘ আট বছর দায়িত্ব পালনকালে তিনি রাজনীতিক ও নিরাপত্তা সংস্থাগুলোর পিছু নিয়ে যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি প্রধান বিচারপতির ক্ষমতার আওতাবহির্ভূত বিষয়ে কর্তৃত্ব দেখিয়ে এবং রাজনৈতিক ব্যাপারে নাক গলিয়ে সমালোচিতও হয়েছেন।
৬৪ বছর বয়সী জিলানি ২০০৪ সাল থেকে পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। এএফপি।