পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চায় মালালা

পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই একদিন দেশটির প্রধানমন্ত্রী হতে চায় বলে মন্তব্য করেছে।
আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়, নিউইয়র্ক সিটি কালচারাল সেন্টারে গতকাল এক অনুষ্ঠানে নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাবনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে মালালা এই মন্তব্য করে। এ বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার বেশ সম্ভাবনা ছিল পাকিস্তানের এই কিশোরীর।
গতকালের অনুষ্ঠানে মালালা ইউসুফজাই বলে, ‘আমি যদি নোবেল পুরস্কার পাই, তাহলে তা হবে আমার জন্য অনেক সম্মানের, যা আমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি। আর এটা আমার দায়িত্বও অনেকাংশে বাড়িয়ে দেবে। এই জয় মেয়েদের শিক্ষাব্যবস্থা সম্পর্কে আমার প্রচারাভিযানে অনেক সহায়তা করবে। আমি যেদিন দেখব প্রতিটি শিশুই স্কুলে যাচ্ছে, সেদিনই আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কারটা আমি পাব।’
নারী অধিকার নিয়ে প্রচার চালানোর কারণে ১৬ বছর বয়সী এই পাকিস্তানি কিশোরীর ওপর হামলা চালায় উগ্র ইসলামপন্থী তালেবানেরা। সে সময় মালালা মাথায় গুলিবিদ্ধ হয়।
এ প্রসঙ্গে মামলা বলেছে, ‘তারা শুধু আমার দেহে গুলি চালিয়েছে। কিন্তু আমার স্বপ্নের ভেতরে গুলি চালাতে পারেনি।’
এ সময় পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টোর প্রশংসা করে মালালা।
মালালা বলেছে, ‘একসময় আমি চিকিত্সক হতে চেয়েছিলাম।কিন্তু এখন রাজনীতিতে আসতে চাই এবং একদিন দেশের প্রধানমন্ত্রী হতে চাই।
এ প্রসঙ্গে মালালার মন্তব্য, একজন চিকিত্সক হয়ে আমি শুধু একটি সমাজকে সহযোগিতা করতে পারব। কিন্তু রাজনীতিবিদ হলে পুরো দেশকে সহযোগিতা করতে পারব। এ কারণে আমি পুরো দেশের একজন চিকিত্সক (প্রধানমন্ত্রী) হতে চাই।
এদিকে গতকাল ইউরোপের সাখারোভ মানবাধিকার পুরস্কারে ভূষিত হয়েছে মালালা।সোভিয়েত পদার্থবিদ ও ভিন্নমতাবলম্বী আন্দ্রেই সাখারোভের স্মরণে প্রতি বছর ইউরোপীয় পার্লামেন্ট বাকস্বাধীনতার জন্য এ পুরস্কার দেয়।ইউরোপের সর্বোচ্চ মানবাধিকার পুরস্কার হিসেবে বিবেচিত সাখারোভ পুরস্কারের বিজয়ীদের ৫০ হাজার ইউরো দেওয়া হয়।এ বছর পুরস্কারটির আরেকজন প্রতিদ্বন্দ্বী ছিলেন যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন।
সাখারোভ পুরস্কারের বিজয়ীদের একটি স্বতন্ত্র তালিকায় মালালার নাম রাখা হয়।এ তালিকায় মালালা ছাড়াও দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা ও মিয়ানমারের নেত্রী অং সান সু চির নাম ছিল।
আসছে নভেম্বরে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মালালার হাতে তুলে দেওয়া হবে পুরস্কারটি।
গত বছরের ৯ অক্টোবর পাকিস্তানের সোয়াত উপত্যকায় মালালাকে গুলি করে দেশটির তালেবান জঙ্গিরা। অল্পের জন্য সে বেঁচে যায়। এরপর থেকে সে নারীদের অধিকার আদায়ের আন্দোলনের কর্মী হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে।