পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রীকে হত্যা করেছে তালেবান
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের জ্যেষ্ঠ মন্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান। গত শনিবার চালানো ওই হামলায় আরও আটজন নিহত ও ১৭ জন আহত হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল এক দিনের জাতীয় শোক পালন করা হয়।নিহত মন্ত্রী বশির আহমেদ আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) নেতা ও পাকিস্তানের কেন্দ্রীয় রেলমন্ত্রী গুলাম আহমেদ বিলাওরের ছোট ভাই।জাতীয় শোক পালনের দিন গতকাল পাকিস্তানের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। কোথাও কোথাও কালো পতাকা উত্তোলন করা হয়। এএনপির নেতা-কর্মীরাসহ অনেকে কালো ব্যাজ ধারণ করেন। পেশোয়ারের পুলিশ কর্মকর্তা ইমরান শহিদ বলেন, কড়া নিরাপত্তা সত্ত্বেও আত্মঘাতী হামলকারী মন্ত্রীর ওপর হামলা চালাতে সক্ষম হয়। পরে ঘটনাস্থল থেকে ছয় কিলোগ্রাম ওজনের একটি বোমা উদ্ধার করে তা নিষ্ক্রিয় করা হয়। লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) চিকিৎসক আরশাদ জাভেদ বলেন, ‘মন্ত্রীর শরীরের নিচের অংশে মারাত্মক জখম হয়।’ ডন।