পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন ৩০ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সুপ্রিম কোর্ট ৩০ জুলাই দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন। গতকাল বুধবার এ নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ইফতিখার মুহাম্মদ চৌধুরী নির্বাচন কমিশনের মহাপরিচালককে আদালতের নির্দেশ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন। তিনি আজ বৃহস্পতিবারের মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন।এর আগে নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি সুপ্রিম কোর্টের ওপর ছেড়ে দেয় নির্বাচন কমিশন।গতকাল ক্ষমতাসীন মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) আনুষ্ঠানিকভাবে মামনুন হোসেনকে তাদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। পরে তিনি ইসলামাবাদ হাইকোর্টে মনোনয়নপত্র দাখিল করেন। একই দিন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী সিনেটর রেজা রাব্বানিও মনোনয়নপত্র জমা দেন। এর আগে আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) ও বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-আওয়ামী (বিএনপি-এ) পিপিপির প্রার্থীর প্রতি সমর্থন জানায়।ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রার্থী বিচারপতি ওয়াজিহুদ্দিন সিন্ধু হাইকোর্টে (এসএইচসি) মনোনয়নপত্র দাখিল করেন। ডন।