পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে চার দিনের ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়ে গেছে। নিখোঁজ রয়েছে প্রায় ১৫০ জন। গৃহহীন হয়ে পড়েছে প্রায় ১০ লাখ লোক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সেনা, নৌ ও বিমানবাহিনীকে নামানো হয়েছে। সার্বিক পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তান আন্তর্জাতিক সাহায্য চেয়েছে। দেশটির গত ৮১ বছরের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ বন্যা।নজিরবিহীন বৃষ্টিপাতের ফলে সৃষ্ট এ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশ। এখানে বন্যায় মারা গেছে কমপক্ষে ৮০০ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ছয় লাখ লোক। পানির তোড়ে ৪৫টি সেতু ভেসে গেছে। ভয়াবহ পরিস্থিতির কারণে পাকিস্তান সরকার গত শুক্রবার এ প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করে। গতকাল শনিবার থেকে এখানে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় নামানো হয় নিরাপত্তাবাহিনীকে। সেনাবাহিনী উদ্ধারকারী নৌকা ও হেলিকপ্টারের সাহায্যে লোকজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ প্রদেশের তথ্যমন্ত্রী মিয়া ইফতেখার হোসেন বলেছেন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ বন্যা। বন্যা ও বৃষ্টিজনিত কারণে এ পর্যন্ত আট শ লোক মারা গেছে। মন্ত্রী জানান, বন্যায় কমপক্ষে ১৫৯ জনের বেশি লোক নিখোঁজ হয়েছে। প্রায় ১০ লাখ লোক আক্রান্ত হয়েছে। তিন হাজার ৭০০টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।টেলিভিশনের প্রচারিত দৃশ্যে দেখা গেছে, এ প্রদেশের বন্যাদুর্গত ব্যক্তিদের অনেকে বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে। সেনাবাহিনী হেলিকপ্টারের সাহায্যে তাদের মধ্যে খাওয়ার পানি বিতরণ করছে।বন্যায় পেশোয়ারের হাটবাজার তলিয়ে গেছে। রাস্তাঘাট ডুবে গেছে। লোকজন ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে। খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। এখানে নৌকাডুবিতে মারা গেছে পাঁচজন।পাকিস্তান ও চীনের মধ্যে সংযোগকারী সিল্ক রুটটি বন্ধ হয়ে গেছে। এ ছাড়া আফগানিস্তানের সঙ্গে সংযোগকারী একটি সড়কও বন্ধ হয়ে গেছে। চরসাদা জেলার এক লাখ লোক বন্যায় দুর্ভোগ পোহাচ্ছে।রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি শহরেও বন্যার পানি ঢুকে পড়েছে।পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বন্যা মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি ভিত্তিতে সাহায্য চেয়েছে। এ আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র উদ্ধারকাজে সাহায্য করার জন্য পাকিস্তানকে সাতটি হেলিকপ্টার দিয়েছে।পাকিস্তানের আবহাওয়া বিভাগ ৩৬ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ৩১২ মিলিমিটার (১২ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করেছে। ৩৪ বছরের ইতিহাসে পাকিস্তানে এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত। এএফপি, সিনহুয়া।