পাকিস্তানের বিবাহ আইন অনৈসলামিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের বিয়ে নিষিদ্ধ করে পাকিস্তানে যে আইন বলবত্ আছে সেটাকে ‘অনৈসলামিক’ বলে ফতোয়া দিয়েছে ইসলামি ভাবাদর্শ পরিষদ (কাউন্সিল অব ইসলামিক আইডোলজি বা সিআইআই) নামের দেশটির সাংবিধানিক সুপারিশকারী পর্ষদ। আজ মঙ্গলবার সিআইআই এই ফতোয়া দেয়। খবর ডন অনলাইনের। 

দুই দিনের অধিবেশন শেষে আজ সিআইআইয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়, শরিয়ায় বিয়ের জন্য ন্যূনতম বয়সসীমা নেই। ইসলাম অল্পবয়সী তরুণ-তরুণীদের বিয়ে করায় নিষেধাজ্ঞা দেয় না। শরিয়া অনুযায়ী, বয়ঃসন্ধি হলেই তারা বিয়ে করতে পারে।

এই ঘোষণার এক দিন আগে, অর্থাত্ গতকাল সোমবার সিআইআইর চেয়ারম্যান মাওলানা মোহাম্মাদ খান শিরানি ঘোষণা করেন, প্রথম স্ত্রী বর্তমান থাকতে দ্বিতীয় বিয়ে করা নিয়ে পাকিস্তানের বিদ্যমান আইন ধর্মীয় মূলবোধের পরিপন্থী। পাকিস্তানের বর্তমান আইন অনুযায়ী, দ্বিতীয় বিয়ে করতে হলে সে দেশের পুরুষদের প্রথম স্ত্রীর কাছ থেকে লিখিত অনুমতি নিতে হয়।    

মাওলানা শিরানি বিবাহ ও তালাক-সংক্রান্ত আইন শরিয়া মোতাবেক সংশোধন করার আহ্বান জানান।

সিআইআই পাকিস্তানের একটি সাংবিধানিক সুপারিশকারী পরিষদ। এই পরিষদ নিজে আইন তৈরি করতে পারে না। তাঁরা আইন প্রণয়নে পার্লামেন্টকে সুপারিশ করতে পারে।

পাকিস্তানের বিদ্যমান আইন অনুযায়ী, সে দেশে ১৮ বছরের কম বয়সী ছেলে এবং ১৬ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে অবৈধ।