পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা প্রস্তাব ভারতীয় সংসদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত নয়, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষ-বিরতি প্রতিশ্রুতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনারাই ভারতীয় সেনাদের হত্যা করেছে এবং নিয়মিত গুলি চালিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করছে। পাকিস্তানের পার্লামেন্টে গৃহীত প্রস্তাবের পাল্টা হিসেবে গতকাল বুধবার ভারতীয় সংসদের উভয় কক্ষে গৃহীত এক প্রস্তাবে এই কথাই বলা হয়েছে। প্রস্তাবে এই কথাও মনে করিয়ে দেওয়া হয়, জম্মু-কাশ্মীর ও পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। পাকিস্তান ও তাদের জনগণের কাছে ভারত বিপজ্জনক নয়। বিপজ্জনক হচ্ছে সেই সব সন্ত্রাসী, যাদের পাকিস্তানের সেনারা ‘লালন-পালন’ করছে।সোমবার পাকিস্তানের পার্লামেন্টে ভারতের বিরুদ্ধে একটি প্রস্তাব গৃহীত হয়, যাতে নিয়ন্ত্রণরেখা বরাবর অশান্তির জন্য ভারতকে দায়ী করা হয়েছিল। সেই খবরের পাশাপাশি পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের একটি বিবৃতি সম্প্রচারিত হয়, যেখানে তিনি আলোচনার মাধ্যমে নতুন সম্পর্ক স্থাপনের আহ্বান জানাচ্ছেন। শরিফের সেই বিবৃতির পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিবৃতি দেয়। তাঁর আহ্বানকে শর্তাধীন স্বাগতও জানানো হয়। এর পরই পরিস্থিতি ঘুরে যায়। পাকিস্তান পার্লামেন্টের প্রস্তাবের খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই নয়াদিল্লিতে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পায়। গতকাল সকাল থেকেই দফায় দফায় বৈঠক হয় সরকার ও বিরোধীদের মধ্যে। ঠিক হয়, পাল্টা হিসেবে ভারতের সংসদেও সর্বসম্মত প্রস্তাব পাস করা হবে। বেলা তিনটায় প্রথমে লোকসভার অধ্যক্ষ মীরা কুমার ও পরে রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি প্রস্তাব পাঠ করেন। সাংসদেরা সর্বসম্মতভাবে তা সমর্থন করেন।প্রস্তাবে পাকিস্তানের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য আখ্যা দিয়ে বলা হয়েছে, সুসম্পর্ক স্থাপন ও আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সমস্যার সমাধানে ভারত যখন সচেষ্ট, তখনই পাকিস্তান এমন প্ররোচনাহীন আক্রমণ করল। ২০০৩ সালের সংঘর্ষ-বিরতি চুক্তির প্রতিশ্রুতি রক্ষার প্রয়োজনীয়তাকে মনে করিয়ে দিয়ে প্রস্তাবে বলা হয়, ভারত কখনো পাকিস্তান ও তার জনগণের শত্রু নয়, বিপদও নয়। উভয় দেশের কাছেই সবচেয়ে বড় বিপদ সেই সব সন্ত্রাসী, পাকিস্তানের সেনারা যাদের লালন-পালন করছে।ভারতের সাবেক প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের আমলেও নব্বইয়ের দশকে ভারতীয় সংসদে একবার এই ধরনের প্রস্তাব পাস করা হয়েছিল। সেই প্রস্তাবে বলা হয়েছিল, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং ভারতের অসমাপ্ত কাজ হলো পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দখল নেওয়া। গতকাল যে প্রস্তাব পাস হয়, তাতে অবিচ্ছেদ্য অঙ্গের কথা বলা হলেও পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলের কোনো উল্লেখ কিন্তু নেই। পাকিস্তানের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার যে দাবি বিজেপি এক সপ্তাহ ধরে করে আসছে, তা মানার কোনো ইঙ্গিত এ প্রস্তাবে নেই। গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিনও বৈঠক হবে না, এমন কথা বলেননি। এ বিষয়ে সন্দেহ নেই যে, সীমান্তের সাম্প্রতিক ঘটনাবলি দুই দেশের সম্পর্কের কিছুটা অবনতি ঘটিয়েছে। ভোটের আগে দেশের মানুষের ভাবাবেগেও তার প্রভাব পড়েছে। সেই কারণে দ্বিপক্ষীয় আলোচনার দিন স্থির করা নিয়েও টালবাহানা চলছে। ইতিমধ্যে সংস্কৃতিজগতের মানুষদের ভিসা দেওয়া বন্ধ হয়েছে। চ্যাম্পিয়নস লিগ খেলতে পাকিস্তান ক্রিকেট দলকে ভিসা দেওয়া নিয়েও টালবাহানা চলছে। তবে ভারত এখনো মনে করে, আলোচনার রাস্তা খোলা রাখাই শ্রেয়। অপ্রচলিত শক্তিবিষয়ক মন্ত্রী ফারুক আবদুল্লাহর কণ্ঠে গতকাল তারই প্রতিধ্বনি শোনা যায়। তিনি বলেন, যুদ্ধ নয়, আলোচনাই একমাত্র উপায়।