মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর এশিয়া সফরে পাকিস্তানকে অন্তর্ভুক্ত না করায় হতাশা ব্যক্ত করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। তিনি অভিযোগ করেন, পাকিস্তানের ভাবাবেগের বিষয়ে যুক্তরাষ্ট্র সংবেদনশীল নয়। গত শুক্রবার এমএসএনবিসি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মোশাররফ এসব কথা বলেন।প্রেসিডেন্ট ওবামা তিন দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল শনিবার ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই পৌঁছেছেন। পারভেজ মোশাররফ বলেন, ‘আমি সত্যিই হতাশ।’ ভারতীয় নেতাদের সঙ্গে আলোচনায় কাশ্মীরের ইস্যু না রাখায় ওবামার সমালোচনাও করেন তিনি।মোশাররফ বলেন, প্রেসিডেন্ট ওবামা এর মাধ্যমে পাকিস্তানের জনগণের কাছে কোনো ইতিবাচক বার্তা দিতে পারবেন না। জনগণ মনে করবে পাকিস্তানের স্বার্থ কিংবা ভাবাবেগ নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো মাথাব্যথা নেই। সাবেক এই সেনাশাসক বলেন, ‘একজন পাকিস্তানি হিসেবে আমার প্রশ্ন, পাকিস্তান কি এই অঞ্চলের গুরুত্বপূর্ণ সদস্য নয়?’ তিনি বলেন, পাকিস্তান যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র। আল-কায়েদা, তালেবানসহ বিভিন্ন জঙ্গি সংগঠন ও সন্ত্রাসবাদ দমনে এই দুটি দেশ একসঙ্গে কাজ করে যাচ্ছে।মোশাররফ বলেন, ‘আমাদের কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে। আমি সব সময় এ বিষয়টি বলেছি।’ তিনি বলেন, আফগানিস্তানে আল-কায়েদা ও তালেবান গোষ্ঠী সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে, কাশ্মীরে মুজাহিদিন গোষ্ঠীগুলো যুদ্ধ করছে, ভারতে মুসলিম তরুণেরা চরমপন্থী হয়ে উঠছে, তাঁদের সমাজেও চরমপন্থী তৈরি হচ্ছে। এগুলোর মধ্যে যোগসূত্র রয়েছে। পাকিস্তান সরকার ও দেশটির সামরিক বাহিনী আল-কায়েদা ও তালেবান দমনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও মনে করেন পাকিস্তানের সাবেক এই প্রেসিডেন্ট।প্রসঙ্গত, ভারত সফর শুরু করার আগে অবশ্য ওয়াশিংটন সফরের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। আগামী বছর পাকিস্তান সফরের ঘোষণাও দিয়েছেন তিনি। হিন্দুস্তান টাইমস ও পিটিআই অনলাইন।