পাকিস্তানের ভূখণ্ড সন্ত্রাসী হামলার মঞ্চ হতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ নির্মূলে পাকিস্তানকে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, পাকিস্তানের ভূখণ্ড সন্ত্রাসী হামলার মঞ্চ হিসেবে ব্যবহূত হতে পারে না। গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে এক সংবাদ সম্মেলনে হিলারি এ কথা বলেন। এ সময় উভয় নেতা সন্ত্রাসের বিরুদ্ধে তাঁদের যৌথ প্রচেষ্টা জোরদার করারও অঙ্গীকার করেন।তিন দিনের ভারত সফরের শেষ দিনে গতকাল নয়াদিল্লিতে ওই সংবাদ সম্মেলন হয়। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চাই, পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে আরও ব্যবস্থা গ্রহণ করুক।’ তিনি বলেন, ‘পাকিস্তানের মাটি সে দেশসহ বাইরের কোনো স্থানে সন্ত্রাসী হামলার মঞ্চ হিসেবে ব্যবহূত হবে না—ইসলামাবাদকে এটি নিশ্চিত করা প্রয়োজন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সন্ত্রাসীরা পাকিস্তানের ভেতরই ৩০ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে।’সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরি পাকিস্তানে লুকিয়ে আছেন বলে তাঁর বিশ্বাসের কথা জানানোর এক দিন পর হিলারি এই আহ্বান জানালেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ সন্ত্রাসীদের তালিকার প্রথম পাঁচজনের মধ্যে জাওয়াহিরি ও তালেবান নেতা মোল্লা ওমরসহ তিনজনই পাকিস্তানে লুকিয়ে আছেন বলে ধারণা করা হয়।সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কৃষ্ণা বলেন, মুম্বাই হামলায় জড়িতদের বিচারের আওতায় আনাসহ সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের শক্ত ব্যবস্থা নেওয়া দরকার। তাঁর এ বক্তব্যের আগে সোমবার কলকাতায় হিলারি ভয়াবহ ওই হামলার মূল অভিযুক্ত হাফিজ সাঈদকে আটকে ব্যবস্থা না নেওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে হিলারি বলেন, যুক্তরাষ্ট্র ও ভারত পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করছে। দুই দেশ কীভাবে ইতিমধ্যে গোয়েন্দা তথ্য ও বিশেষজ্ঞ পর্যায়ে আদান-প্রদান সেরেছে, এ সময় কৃষ্ণা তার বিস্তারিত তুলে ধরেন।এদিকে ইরানি জ্বালানি তেলের বিকল্প উৎস নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন হিলারি ক্লিনটন। এর আগে, ইরানের তেল বিক্রির ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের অংশ হিসেবে তেল আমদানিকারক বিদেশি প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র। এএফপি ও রয়টার্স।