পাকিস্তানের ভূমিকম্পে মৃত ৩২৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিকম্পে বিধ্বস্ত একটি গ্রামের দৃশ্য। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া একটি গাড়ি উদ্ধারের চেষ্টা করছেন স্থানীয়রা ষ এএফপি
ভূমিকম্পে বিধ্বস্ত একটি গ্রামের দৃশ্য। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া একটি গাড়ি উদ্ধারের চেষ্টা করছেন স্থানীয়রা ষ এএফপি

দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তানে গত মঙ্গলবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে হতাহত মানুষের সংখ্যা বেড়েছে। গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩২৮-এ দাঁড়ায়। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা রয়েছে। তাই এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পর হাজারো মানুষ মঙ্গলবার খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে। বেলুচিস্তানের আওয়ারান জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাদেশিক সরকার জেলাটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। সর্বাত্মক উদ্ধার তৎপরতা চলছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল প্রদেশের দালবানদিন এলাকার ১৪৫ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের প্রায় ২০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি এত শক্তিশালী ছিল যে বেলুচিস্তান ছাড়াও পাকিস্তানের করাচি, হায়দরাবাদ এমনকি কয়েক হাজার মাইল দূরে ভারতের রাজধানী নয়াদিল্লি ও আরব আমিরাতের দুবাইয়েও এর কম্পন অনুভূত হয়। বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র জান বুলেদি বলেন, আওয়ারান শহর ও এর আশপাশের গ্রামগুলোতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। সেখানে প্রায় ৯০ শতাংশ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
বুলেদি আরও বলেন, আহত কয়েক শ মানুষকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে স্থান সংকুলান হচ্ছে না। জরুরি ওষুধের ঘাটতি দেখা দিয়েছে। গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধারের পর হেলিকপ্টারে করে করাচি ও আশপাশের জেলাগুলোর হাসপাতালে পাঠানো হচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হাজারের বেশি সেনা উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন। এ ছাড়া ১০০ জনের একটি দল চিকিৎসাসেবা দিচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটছে। প্রাদেশিক কর্মকর্তারা বলেছেন, আওয়ারান শহর ও এর আশপাশের গ্রামগুলোর অধিকাংশ ঘরবাড়ি মাটির তৈরি। ভূমিকম্পে প্রায় সব মাটির ঘর বিধ্বস্ত হয়ে গেছে। জাতিসংঘের দুর্যোগবিষয়ক সংস্থা জানিয়েছে, ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৫০ কিলোমিটারের মধ্যে অন্তত ৬০ হাজার মানুষ বসবাস করে। প্রসঙ্গত, পার্বত্যসংকুল হওয়ায় ও পানির অভাবের কারণে বেলুচিস্তান একটি জনবিরল প্রদেশ। গত এপ্রিলে বেলুচিস্তানে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩৫ জন প্রাণ হারিয়েছিল।
নতুন দ্বীপ: ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের ফলে পাকিস্তানের গাওয়াদার উপকূল থেকে প্রায় ৬০০ মিটার দূরে আরব সাগরে ছোট্ট একটি দ্বীপ ভেসে ওঠে। এটি প্রায় নয় মিটার (৩০ ফুট) উঁচু ও ১০০ মিটার লম্বা।