পাকিস্তানের মন্ত্রী-এমপিদের দুই-তৃতীয়াংশই কর দেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের মন্ত্রিসভার ৬০ শতাংশের বেশি এবং কেন্দ্রীয় আইনপ্রণেতাদের দুই-তৃতীয়াংশ সদস্য কর ফাঁকি দিয়েছেন। তাঁরা গত বছর কোনো কর পরিশোধ করেননি। দেশটির রাজনীতিবিদদের কর ফাঁকি প্রবণতার ওপর গতকাল বুধবার প্রকাশিত একটি গবেষণামূলক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।‘রিপ্রেজেন্টেশন উইদাউট ট্যাক্সেশন’ শিরোনামের ওই প্রতিবেদন তৈরি করেছেন বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক উমর চিমা। সেন্টার ফর পিস অ্যান্ড ইনিশিয়েটিভস ও সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং ইন পাকিস্তান—এই দুই বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিনি এ প্রতিবেদ তৈরি করেন।প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকসহ বহু নেতা গত বছর কোনো কর দেননি। প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ, পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার, ধর্মবিষয়ক মন্ত্রী খুরশিদ আহমেদ শাহসহ বাকি ব্যক্তিরা যে পরিমাণ কর দিয়েছেন, তা সাদা চোখের বিবেচনাতেই যৎসামান্য। আরও মজার তথ্য হলো, পার্লামেন্টের ৭৮ জন সদস্য করদাতা হিসেবে নিবন্ধিতই হননি।প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নির্বাচিত রাজনৈতিক নেতাদের (আইনসভার সদস্য) গড় সম্পদের পরিমাণ আট লাখ ৮২ হাজার মার্কিন ডলার। কিন্তু তাঁরা খুব কমই কর দেন কিংবা একেবারেই দেন না।এতে বলা হয়, ‘সমস্যার শুরু ওপর থেকে। এই ব্যক্তিরা সরকারের রাজস্বনীতি প্রণয়ন, সরকার পরিচালনা ও কর আদায়ের মতো কাজে নিয়োজিত। অথচ তাঁরা অন্যদের জন্য কোনো ভালো দৃষ্টান্ত স্থাপন করতে ব্যর্থ হয়েছেন।’ দেশটির কর সংস্কার বাস্তবায়নে এই প্রতিবেদন সরকারের ওপর চাপ বাড়াবে বলে মনে করা হচ্ছে।প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর এ বিষয়ে শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের তাৎক্ষণিক মন্তব্য জানা যায়নি; যদিও প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, করফাঁকিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি কেন্দ্রীয় রাজস্ব বিভাগ এফবিআরের।এফবিআরের তথ্য অনুযায়ী, পাকিস্তানের মোট অভ্যন্তরীণ উৎপাদনে (জিডিপি) রাজস্ব খাতের অবদান আনুমানিক ৯ দশমিক ২ শতাংশ। এটি বিশ্বের অন্যতম নিম্নহার। দেশটির ১৮ কোটি জনসংখ্যার মধ্যে মাত্র দুই লাখ ৬০ হাজার মানুষ টানা গত তিন বছর কর দিয়েছেন।গবেষণা প্রতিবেদনের ফলাফল অনুসারে, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও তাঁর মন্ত্রিসভার ৫৫ জন সদস্যের মধ্যে ৩৪ জন ২০১১ সালে আয়কর বিবরণী (ট্যাক্স রিটার্ন) দাখিল করেননি। কর পরিশোধ না-করা এসব সদস্যে মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকও রয়েছেন। আর একজন মন্ত্রী সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।যে ২০ জন মন্ত্রী কর দিয়েছেন, তাঁদেরও অধিকাংশ কর দিয়েছেন যৎসামান্য। এই নগণ্য অবদান রাখা মন্ত্রীদের মধ্যে আছেন প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ ও পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। রাজা পারভেজ দিয়েছেন এক হাজার ৪৬৬ ডলার এবং হিনা রাব্বানি ৭১৬ ডলার।সবচেয়ে বেশি কর পরিশোধ করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আব্বাস খান আফ্রিদি। তাঁর পরিশোধ করা করের পরিমাণ এক লাখ ১৮ হাজার ৬৭৭ ডলার। সর্বনিম্ন করদাতা মন্ত্রীর খেতাব পেয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী খুরশিদ আহমেদ শাহ। তিনি দিয়েছেন ৪৪৬ ডলার।প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কেন্দ্রীয় পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষের ৬৭ শতাংশ সদস্য ২০১১ সালে আয়কর দাখিল করেননি। ২৮ শতাংশ কর দিয়েছেন এবং বাকি ৫ শতাংশ সদস্যের ব্যাপারে তথ্য জানা সম্ভব হয়নি। আরও মজার তথ্য হলো, পার্লামেন্টের ৭৮ জন সদস্য করদাতা হিসেবে নিবন্ধিতই হননি।২০১০ সালে পাকিস্তানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিশ্রুত এক হাজার ১৩০ কোটি (১১ দশমিক ৩ বিলিয়ন) ডলারের সহায়তা প্যাকেজ না দেওয়ার পেছনে ভূমিকা রাখে কর খাতে দেশটির সংস্কার কার্যক্রম চালাতে অস্বীকৃতি জানানোর বিষয়টি।তবে প্রতিবেদনটি বলছে, ২০০৮ সালে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নির্বাচিত হওয়ার পর থেকে এ খাতে কিছুটা উন্নতি হয়েছে। যেমন ২০১০ সালে তৎকালীন মন্ত্রিসভার কোনো সদস্য (সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিসহ) কর দেননি। তবে ২০১১ সালে ২০ জন মন্ত্রী কর দিয়েছেন। এএফপি ও ডন।