পাকিস্তানের মাদার তেরেসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর বয়স ৮১ বছর। থাকেন পাকিস্তানে। চিরকুমারী। তা সত্ত্বেও তিনি অগণিত সন্তানের স্নেহময়ী জননী। হতদরিদ্র ও অসহায় মানুষ তাঁকে ‘আম্মা’ বলে ডাকে। পঞ্চাশ বছর ধরে যেখানেই মানুষ রোগ-শোক, জরা-ব্যাধি ও বিপর্যয়ে পড়েছে, সেখানেই ছুটে গেছেন তিনি। পুরো জীবন মানবসেবায় উৎসর্গ করা জার্মান বংশোদ্ভূত এ নারীর নাম রুথ ফাউ। তিনি একজন নান (খ্রিষ্টান ধর্মযাজিকা)। ‘পাকিস্তানের মাদার তেরেসা’ হিসেবে খ্যাত রুথ ফাউ এই ৮১ বছর বয়সে এসেও ঝিমিয়ে পড়েননি। এবার তিনি পাকিস্তানের ভয়াবহ বন্যায় সর্বস্বান্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।পাকিস্তানে রুথ ফাউকে এতটাই শ্রদ্ধার চোখে দেখা হয় যে তালেবান অধ্যুষিত এলাকাতেও তিনি সমান জনপ্রিয়।ফাউ বলেছেন, ‘উত্তর পশ্চিমাঞ্চলীয় আদিবাসী এলাকাতেও কাজ করতে আমার কোনো অসুবিধা হয় না। ওই এলাকার লোকজন আমাকে ভালোবাসে। তারা কখনোই আমার কাজে বাধা দেয় না।’ফাউ জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি তাঁর জন্মস্থান জার্মানিতে থাকা কালে মানবসেবায় আত্মোৎসর্গ করার সিদ্ধান্ত নেন। চিকিৎসক হয়ে তিনি ফরাসি বিপ্লবের সময় গঠিত ‘ডটার্স অব দ্য হার্ট অব মেরি’ নামের জনকল্যাণমূলক সংস্থায় যোগ দেন।১৯৬০ সালে মানবসেবা ও ধর্ম প্রচারের জন্য জার্মানি থেকে ভারতবর্ষের উদ্দেশে রওনা হন। কিন্তু ভিসা-বিষয়ক জটিলতায় তাঁকে পাকিস্তানের করাচিতে অবস্থান করতে হয়। ওই সময় করাচির একটি এলাকায় কুষ্ঠ রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়েছিল। রোগীদের অমানুষিক যন্ত্রণা ফাউকে ব্যথিত করে। তিনি তাঁদের সেবায় আত্মনিয়োগ করেন। তাদের সেবা করতে গিয়ে তাঁর আর ভারতে যাওয়া হয়নি। সেখানেই স্থায়ীভাবে থেকে যান তিনি।কুষ্ঠ রোগীদের সেবা দিতে একটি খুপড়ি ঘর তুলে সেখানে গড়ে তোলেন নিরাময় ক্লিনিক। কয়েক বছরে সেখানে তৈরি হয় দ্বিতল ভবনের কুষ্ঠ নিরাময়কেন্দ্র। ধীরে ধীরে তার সেবাকার্যক্রম বিস্তৃত হয়। সেই কুষ্ঠ নিরাময়কেন্দ্রই আজকের ‘মেরি অ্যাডেলেইড লেপরোসি সেন্টার’, যার শাখা বর্তমানে পাকিস্তানের সব প্রদেশেই ছড়িয়ে আছে। কুষ্ঠ চিকিৎসায় রুথ ফাউয়ের কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে পাকিস্তান সরকার ১৯৬৮ সালে সে দেশে কুষ্ঠরোধে জাতীয় কর্মসূচি গ্রহণ করে।শুধু কুষ্ঠ চিকিৎসাই নয়, প্রাকৃতিক বিপর্যয়ের সময়ও রুথ ফাউ ছুটে গেছেন অসহায় মানুষের পাশে। ২০০০ সালে খরায় আক্রান্ত বেলুচিস্তানে ও ২০০৫ সালে ভূমিকম্পে বিধ্বস্ত কাশ্মীরে দুর্গত মানুষের পাশে ছিলেন ফাউ। সর্বশেষ এ বছরের বন্যায় পাকিস্তানে প্রায় দুই কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।সিন্ধু প্রদেশের বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিন্ধুর যে এলাকা হিন্দু অধ্যুষিত, মূলত সেখানেই ফাউ তার সেবাকার্যক্রম চালাচ্ছেন।এ এলাকার হিন্দু সম্প্রদায় সরকারের দিক থেকে উপেক্ষিত। এদের বেশির ভাগই কৃষিজীবী। বন্যায় ফসল নষ্ট হয়ে যাওয়ায় তাদের অবস্থা খুবই করুণ। রুথ ফাউ তাদের জন্য সেখানে আশ্রয়কেন্দ্র গড়ে তুলেছেন। চাষের জন্য দিয়েছেন সার ও বীজ। সানওয়াল যোগী নামের একজন সাপুড়ে বলেন, ‘আমরা সর্বস্বান্ত হয়ে গিয়েছিলাম। আম্মা (রুথ ফাউ) আমাদের ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছেন।’সিন্ধুর স্বাস্থ্যমন্ত্রী সাগীর আহমেদ বলেছেন, ‘একজন মহান ব্যক্তিত্বের সঙ্গে আরেকজন মহান ব্যক্তিত্বের তুলনা করা উচিত নয়। কিন্তু রুথ ফাউ যে অবদান রেখেছেন, তাতে তাঁকে আমরা মাদার তেরেসা নামে ডাকলে মোটেও ভুল হবে না।’ এএফপি।