অবশেষে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শিকাগোতে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের বাইরে গত সোমবার দুই নেতা সংক্ষিপ্ত সাক্ষাতে মিলিত হন। উভয় নেতা ইঙ্গিত দিয়েছেন, আফগানিস্তানে ন্যাটো সেনাদের রসদ সরবরাহের সীমান্ত পথ পুনরায় খুলে দেওয়ার বিষয়ে খুব শিগগির একটি চুক্তি হতে পারে। ইসলামাবাদ চুক্তি সইয়ের ব্যাপারে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের নির্দেশও দিয়েছে।জারদারির সঙ্গে সাক্ষাতের পর ওবামা সাংবাদিকদের বলেছেন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র চুক্তি সইয়ের ব্যাপারে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ অর্জন করেছে। তবে তিনি এ-ও বলেন, ন্যাটো সম্মেলন চলাকালে বিষয়টির সমাধান হবে এমনটা তিনি কখনোই প্রত্যাশা করেননি। তিনি বলেন, ‘রসদ সরবরাহের পথ ইস্যুটি এই সম্মেলনেই সমাধান হতে যাচ্ছে—এমনটি আমরা ধারণা করিনি। অন্তত শিকাগোতে পৌঁছার আগে আমরা এমনটাই জানতাম। কিন্তু বাস্তবে আমরা এ ইস্যুতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছি।’ তিনি আরও বলেন, ‘এই অঞ্চলে আমাদের সেনাবাহিনীর উপস্থিতির ১০ বছর পর অপরিহার্যভাবে কিছু উত্তেজনার সৃষ্টি হয়েছে। সেসবের মধ্য দিয়েই আমাদের কাজ করতে হবে।’ন্যাটো সম্মেলনে জারদারি তাঁর ভাষণে বলেন, রসদ সরবরাহের পথ নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তা তাঁর সরকার সমাধান করতে চায়। তিনি বলেন, পাকিস্তানের মন্ত্রিপরিষদের প্রতিরক্ষা কমিটি সীমান্তপথ পুনরায় খুলে দেওয়ার বিষয়টি আলোচনায় অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে।পরে জারদারির মুখপাত্র ফরহাতউল্লাহ বাবর সাংবাদিকদের বলেন, আলোচকদের বিষয়টি ত্বরান্বিত করতে বলা হয়েছে। তিনি বলেন, তবে কখন চুক্তি স্বাক্ষরিত হবে সে ব্যাপারে ‘কোনো সময়সীমা দেওয়া যাচ্ছে না’। শিকাগোতে জারদারির বৈঠক এ ইস্যুতে ‘বড় ধরনের স্বচ্ছতা’ তৈরি করেছে বলে তিনি মন্তব্য করেন।যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত শেরি রেহমান বলেছেন, তিনি আশা করছেন দুই দেশের মধ্যকার বিরোধ ‘যত দ্রুত সম্ভব’ সমাধান হতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, সীমান্তপথ বন্ধ করে দেওয়াটা ন্যাটো জোটের জন্য ‘হতাশাজনক’। তবে তিনি আশা করছেন, এই পথ আবারও খুলে দেওয়া হবে। গত নভেম্বরে মার্কিন বিমান হামলায় ২৪ জন পাকিস্তানি সেনা নিহত হয়। এ ঘটনার পর ইসলামাবাদ আফগানিস্তানে ন্যাটো সেনাদের জন্য রসদ সরবরাহের পথ বন্ধ করে দেয়। ভয়াবহ এ ঘটনায় এখন পর্যন্ত দুঃখ প্রকাশও করেনি ওয়াশিংটন। এএফপি ও পিটিআই।