পাকিস্তানের শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় জঙ্গি নেতা সাইদ ও মাসুদের নাম নেই!
দেশের শীর্ষ সন্ত্রাসীদের (মোস্ট ওয়ান্টেড) একটি তালিকা সম্প্রতি প্রকাশ করেছে পাকিস্তান। সন্ত্রাসীদের ওই তালিকায় এমন ২০ জনের নাম এসেছে, যারা মুম্বাইয়ে ভয়াবহ হামলার পরিকল্পনায় জড়িত ছিল। তবে ওই তালিকায় জঙ্গি সংগঠন জইশে মুহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহার এবং লস্কর-ই-তাইয়েবার প্রতিষ্ঠাতা হাফিজ সাইদের নাম আসেনি। প্রাদেশিক পুলিশ বিভাগের সহযোগিতায় দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) গত অক্টোবরে ওই তালিকাটি তৈরি করে।সন্ত্রাসীদের ওই তালিকাকে বলা হচ্ছে ‘রেড বুক’ বা ১১৯ ‘মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী’র তালিকা। তালিকায় আসা ওই ২০ সন্ত্রাসীর বিরুদ্ধে পাকিস্তানি দণ্ডবিধি ও সাইবার অপরাধ আইন এবং সন্ত্রাসবাদবিরোধী আইনের আওতায় একটি মামলা রয়েছে।ব্যাপক আলোচিত হলেও জইশে মুহাম্মদের শীর্ষ নেতা এবং লস্করের শীর্ষ নেতার নাম তালিকায় রাখা হয়নি। এমনকি দেশটির কর্তৃপক্ষ বিভিন্ন সময় ওই দুই নেতাকে গ্রেপ্তার করতেও অস্বীকৃতি জানিয়েছে। তারা দাবি করেছে, মুম্বাইয়ের হামলার সঙ্গে জইশের নেতা হাফিজ সাইদ ও লস্করের নেতা মাসুদ আজহারের কোনো সংশ্লিষ্টতার প্রমাণ এখনো মেলেনি।মুম্বাই হামলায় নেতৃত্ব দানকারী পাকিস্তানি ২০ সন্ত্রাসীর মধ্যে মোহাম্মদ আমজাদ খান করাচিভিত্তিক লস্কর-ই-তাইয়েবার ছায়া সংগঠক ও পরিচালক হিসেবে কাজ করছেন। আমজাদ খান পাঞ্জাবের মুলতানের লোক। বিভিন্ন দলিলপত্রের মাধ্যমে পাকিস্তান আমজাদ সম্পর্কে অনেক তথ্য ভারতকে জানানোর ফলে তাঁর নামটি পরিচিত হয়ে ওঠে।তালিকায় নাম আছে, এমন আরেকজন হলেন ফয়সালাবাদের ইফতিখার আলি। তিনি মুম্বাই হামলাকারীদের যোগাযোগের সুবিধার্থে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) সংযোগের বিল পরিশোধের জন্য ২৫০ মার্কিন ডলার জমা দিয়েছিলেন। এ ছাড়া তালিকায় লস্কর-ই-তাইয়েবার অর্থদাতা গুজরানওয়ালার সুফিয়ান জাফর, রাওয়ালপিন্ডির মোহাম্মদ উসমান জিয়া, খানেওয়ালের মোহাম্মদ আব্বাস নাসির এবং কাসুরের জাভেদ ইকবালের নামও আছে।১১৯ সন্ত্রাসীর মধ্যে ৩৩ জন এফআইএর এবং বাকি সন্ত্রাসীরা প্রাদেশিক পুলিশের তালিকাভুক্ত। ওই সন্ত্রাসীরা ২০০৭ সালে বেনজির ভুট্টো হত্যাকাণ্ড, ২০০৮ সালে ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে বোমা হামলা এবং জেনারেল পারভেজ মোশাররফকে হত্যা চেষ্টাসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। পিটিআই।