আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর জন্য রসদ সরবরাহের পথ নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। রসদ সরবরাহের পথ খুলে দেওয়া নিয়ে দুই দেশের আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র এ কথা জানায়। গত সোমবার মার্কিন কর্মকর্তারা এ কথা প্রকাশ করেন।যুক্তরাষ্ট্রের আলোচনা বন্ধ করার বিষয় দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনে নতুন মাত্রা যোগ করল। পাকিস্তানের সেনাপ্রধান আশফাক পারভেজ কায়ানি মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের জ্যেষ্ঠ একজন কর্মকর্তার সঙ্গে দেখা করতে না চাওয়ায় গত সপ্তাহেই এর কঠোর সমালোচনা করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা। এরপর এই ঘটনা ঘটল।মার্কিন কর্মকর্তারা রসদ সরবরাহের পথ খুলে দেওয়ার ব্যাপারে পকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে প্রায় ছয় সপ্তাহ ধরে আলোচনা করেন। মার্কিন কর্মকর্তারা এটাও বলছিলেন, ওই পথ খুলে দেওয়ার ব্যাপারে ইসলামাবাদের সঙ্গে একটি চুক্তির দ্বারপ্রান্তে তাঁরা।গত নভেম্বরে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে মার্কিন বিমান হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর ক্ষুব্ধ হয়ে ইসলামাবাদ আফগানিস্তানে রসদ সরবরাহের সব পথ বন্ধ করে দেয়।পেন্টাগনের মুখপাত্র জর্জ লিটল সাংবাদিকদের বলেন, ‘আলোচনার মাধ্যমে খুব শিগগির কোনো ফল আসছে না, আবার নতুন করে আলোচনা শুরুর কোনো তারিখও নির্ধারণ করা হয়নি। তাই মার্কিন আলোচকের খুব দ্রুত দেশে ফিরতে হচ্ছে।’ তিনি আরও বলেন, তবে ওয়াশিংটন পাকিস্তানের সঙ্গে আলোচনা একেবারে ছেড়ে দিচ্ছে না।লিটল বলেন, এর অর্থ এই নয়, আলোচনা চালিয়ে যাওয়ার ইচ্ছা ওয়াশিংটনের নেই। মার্কিন আলোচক দল যেকোনো মুহূর্তে আলোচনায় ফিরতে প্রস্তুত। মার্কিন আলোচকদের কেউ কেউ গত সপ্তাহে দেশে ফিরেছেন। যাঁরা পাকিস্তানে আছেন, তাঁরাও শিগগিরই দেশে ফিরবেন।বর্তমান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করতে গত সপ্তাহে পাকিস্তানে যান পেন্টাগনের কর্মকর্তা পিটার ল্যাভয়। লিটল বলেন, তাঁর আশা ছিল, ল্যাভয় সেনাপ্রধান কায়ানির সঙ্গে আলোচনা করে বর্তমান অচলাবস্থা নিরসনে কাজ করতে পারবেন। কিন্তু কায়ানি তাঁর সঙ্গে দেখাই করেননি।এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোয়াজ্জেম আহমেদ খান বলেন, ‘পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় কোনো অচলাবস্থা সৃষ্টি হয়নি। আলোচনার মধ্যে কিছু কৌশলগত বিষয় রয়েছে। আমরা রাজনৈতিক পর্যায়সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্তরে আলোচনা করছি।’বিশ্বজুড়ে ‘সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের একসময়ের অন্যতম মিত্র পাকিস্তানের সঙ্গে ওয়াশিংটনের টানাপোড়েন শুরু হয় অনেক আগেই। তবে গত বছরের মে মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদের একটি বাড়িতে মার্কিন কমান্ডোদের অভিযানে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর তা একরকম প্রকাশ্যে চলে আসে। এএফপি।