পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরুর ইঙ্গিত দিল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চির প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা আবারও শুরুর আভাস দিয়েছে ভারত। গতকাল বৃহস্পতিবার ভারতের নতুন পররাষ্ট্রসচিব সুজাতা সিং এ আভাস দেন।বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তে সহিংসতাকে কেন্দ্র করে চলতি বছর শুরুর দিকে দেশ দুটির মধ্যে শান্তি আলোচনা থেমে যায়।সুজাতা সিং পররাষ্ট্রসচিব পদে দায়িত্ব পালনের প্রথম দিন গতকাল নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, ‘পাকিস্তানে এখন একটি নতুন সরকার। আমরা তাদের আগের সরকারের আমলে যেখানে শেষ হয়েছিল সেখান থেকে আবার আলোচনার পর্ব শুরু করব।’সুজাতা সিং সাংবাদিকদের বলেন, ইসলামাবাদের সঙ্গে সংলাপ শুরুর ‘পূর্বশর্ত হিসেবে সহিংসতা ও সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরি জরুরি’।মুম্বাইয়ে ২০০৮ সালে বন্দুকধারীদের গুলিতে ১৬৬ জন নিহত হওয়ার পর নয়াদিল্লি ইসলামাবাদের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ করে দেয়। ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে অভিযুক্ত করে। ২০১১ সালে দুই দফায় আবারও শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। কিন্তু এ বছর কাশ্মীর সীমান্তে সেনাদের গুলিবিনিময়ের ঘটনায় ছয়জন নিহত হলে দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্ক আবার তিক্ত হয়ে ওঠে। এএফপি।