বেসামরিক পরমাণু জ্বালানি বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা হয়েছে বলে ‘ইসলামাবাদের ছড়ানো গুজব’ সরাসরি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র প্যাট্রিক ভেনট্রেল গতকাল বুধবার ওয়াশিংটনে বলেন, ‘আমরা ওই গুজবের কথা শুনেছি। তবে আমি এটা নিশ্চিত করে বলতে পারি, বেসামরিক পরমাণু প্রযুক্তি নিয়ে পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা হয়নি।’ পাকিস্তানে জ্বালানির সংকট সমাধানে পরমাণু জ্বালানি সহায়তার কথা যুক্তরাষ্ট্র বিবেচনা করছে কি না, এমন প্রশ্নের জবাবে মার্কিন মুখপাত্র বলেন, ‘আমি আবারও নিশ্চিত করে বলতে পারি, এ বিষয়ে কোনো আলোচনাই হয়নি। এ বিষয়ে আপনাদের আমার আর কিছু বলার নেই।’ভারত থেকে জ্বালানি আমদানির জন্য পাকিস্তানের পরিকল্পনার খবরের ওপর মন্তব্য চাইলে মুখপাত্র প্যাট্রিক ভেনট্রেল বলেন, ‘পাকিস্তান ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও ভালো করে, এ রকম যেকোনো কিছুই উত্তম। তাদের সম্পর্কে উষ্ণতা আনে এমন যেকোনো কিছুকে আমরা স্বাগত জানাই।’ আইএএনএস।