তালেবানদের দ্বিতীয় শীর্ষ নেতাকে আটক, তালেবানবিরোধী অভিযানের সাম্প্রতিক সাফল্য ক্রমেই যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্ককে সুদৃঢ় করছে।হোয়াইট হাউসের দক্ষিণ এশিয়া-বিষয়ক বিশেষ দূত রিচার্ড হলব্রুক গত বৃহস্পতিবার ইসলামাবাদে এ কথা বলেন।হলব্রুক পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অবস্থিত খাইবার পাস এলাকায় এক ভয়াবহ বোমা বিস্ফোরণে ৩০ ব্যক্তি নিহত হয়।নিরাপত্তা সূত্র জানায়, ওই হামলা তালেবানের অন্তঃকলহের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি পাকিস্তান অংশের তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয় নয়।তালেবানের রণকৌশল-নির্ধারক মোল্লা আবদুল গনি বারান্দার ধরা পড়ায় হলব্রুক ভীষণ উচ্ছ্বসিত।সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ ব্যাপার, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বের দৃঢ়তাকেই নির্দেশ করে।’যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের গোয়েন্দারা যৌথ অভিযান চালিয়ে করাচি থেকে বারাদারকে আটক করে।চলতি বছরে আটবারের মতো পাকিস্তান সফরে আছেন হলব্রুক, যা দুই দেশের মধ্যকার উষ্ণ সম্পর্কেরই ইঙ্গিত দেয়। আগামী মাসে তিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেনকে সঙ্গে নিয়ে পাকিস্তান সফর করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স অনলাইন।