পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সীমিত করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের সঙ্গে এক বাস্তবভিত্তিক সম্পর্ক বজায় রাখার পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। বহুদিনের পুরোনো বন্ধু হলেও ইসলামাবাদের সঙ্গে চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে ওয়াশিংটনের এমন প্রস্তুতি। দ্য নিউ ইয়র্ক টাইমস রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।পত্রিকাটি জানায়, যুক্তরাষ্ট্র মনে করে, পাকিস্তানের সঙ্গে তাদের দেশের সম্পর্ক দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বর্তমানে দুই দেশের মধ্যকার সন্ত্রাসবাদবিরোধী জোটের ভূমিকা কেবল একটি সীমাবদ্ধ ধারাতেই বাঁচিয়ে রাখা সম্ভব।যদিও ওবামা প্রশাসনের কর্মকর্তারা মনে করেন, এই সীমাবদ্ধ সম্পর্কের ফল আরামদায়ক নয়। কেননা, এতে চরমপন্থীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার মার্কিন সামর্থ্য ও আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর কাছে রসদ সরবরাহের ব্যবস্থা জটিলতার মুখে পড়বে। অজ্ঞাত মার্কিন ও পাকিস্তানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি আরও জানায়, সম্পর্কের এই সীমাবদ্ধতা পাকিস্তানের অভ্যন্তরে ঘাঁটি গেঁড়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সক্ষমতাকে জটিলতায় ফেলবে। এ ছাড়া এতে আফগানিস্তান অভিমুখী ন্যাটোর রসদ সরবরাহ বাধাগ্রস্ত হবে, তাও তাঁরা স্বীকার করেন।গত মাসে পাকিস্তানের আফগান-সীমান্তবর্তী অঞ্চলে কয়েক দফা মার্কিন বিমান হামলায় ২৪ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর ইসলামাবাদ-ওয়াশিংটন সম্পর্ক চরম নাজুক অবস্থার মুখে পড়ে। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর যৌথ তদন্তে এ প্রাণহানির পেছনে মারাত্মক ধরনের ত্রুটি ও বিশৃঙ্খল যোগাযোগ ব্যবস্থাকে দায়ী করা হয়। তবে পাকিস্তান তদন্তের এই ফল প্রত্যাখ্যান করেছে। দ্য নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, বর্তমান ভঙ্গুর সম্পর্কের জের ধরে পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র তার ড্রোন (চালকবিহীন বিমান) হামলা চালানো এবং দেশটিতে মার্কিন গোয়েন্দা ও সেনাদের সংখ্যা কমিয়ে আনবে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র পাকিস্তানে সহায়তাও কমিয়ে দেবে।নামপ্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমরা (পাকিস্তানের সঙ্গে) ৯/১১ পরবর্তী (সম্পর্কের) অধ্যায়ের সমাপ্তি টানতে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তান আমাদের পরিষ্কার জানিয়ে দিয়েছে, তারা দুই দেশের সম্পর্ক নতুন করে মূল্যায়ন করছে।’মার্কিন কর্মকর্তারা বলেছেন, এক বিশেষ মাত্রায় এ সম্পর্ক টিকে থাকলেও আগামী সপ্তাহগুলোতে পাকিস্তান তার ব্যাপক পরিসরের পুনর্মূল্যায়নের কাজ শেষ না করা পর্যন্ত এর অবয়ব স্পষ্ট হবে না। গত মাসে মার্কিন বিমান হামলায় পাকিস্তানি সেনাদের নিহত হওয়ার ঘটনায় প্রেসিডেন্ট ওবামার প্রশাসন তাৎক্ষণিকভাবে কিছু নতুন পরিস্থিতির মুখে পড়ে। হামলার পর পাকিস্তান আফগানিস্তানগামী ন্যাটোর সরবরাহপথ বন্ধ করে দেয় ও আফগান জনগণের ভবিষ্যৎ নির্ধারণের প্রশ্নে জার্মানিতে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন বর্জন করে। এ পদক্ষেপ ছাড়াও পাকিস্তান তার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত শামসি ঘাঁটি থেকে ড্রোন হামলা পরিচালনা বন্ধ করে দিতেও বাধ্য করে যুক্তরাষ্ট্রকে।পাক-মার্কিন সম্পর্ক প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র আক্রোশ প্রকাশ করে ইসলামাবাদের ক্ষমতাসীন সরকারের বিরোধী ‘পাকিস্তান মুসলিম লিগ-কিউ’ এর মহাসচিব মুসাহিদ হুসেইন সাইয়েদ বলেন, ‘পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্র যে ছলনার আশ্রয় নিয়েছে, তাকে আমরা বর্ষার দিনের মেয়েবন্ধুর সঙ্গে তুলনা করতে পারি।’ দ্য নিউইয়র্ক টাইমস।