পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্কের বিষয়কে অগ্রাধিকার দেবে চীন। একই সঙ্গে দেশটি ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টাকেও সমর্থন করবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত বুধবার পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইনের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন।
চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া গতকাল বৃহস্পতিবার জানায়, বেইজিংয়ে বুধবার রাতে অনুষ্ঠিত বৈঠকে চীনা প্রেসিডেন্ট জিনপিং বলেন, তাঁর দেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে সব সময়ই একটি কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তান অগ্রাধিকার পাবে।
বৈঠকে উভয় নেতা পাকিস্তানশাসিত কাশ্মীর হয়ে দুই দেশের (চীন-পাকিস্তান) মধ্যে সংযোগ স্থাপনে পরিকল্পিত দুই হাজার কিলোমিটার দীর্ঘ অর্থনৈতিক করিডর নির্মাণের কাজ গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনকে চীন উৎসাহ জোগায়—জিনপিংয়ের এই বক্তব্যের জবাবে পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইন বলেন, সম্পর্ক উন্নয়নে তাঁর দেশ ভারতের সঙ্গে সংলাপ প্রক্রিয়া অব্যাহত রাখবে। পিটিআই।