কাশ্মীর সীমান্ত নিয়ে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নীরবতা ভেঙেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি গতকাল মঙ্গলবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে ‘স্বাভাবিক সম্পর্ক চলতে পারে না’। গত সপ্তাহে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কয়েক দফা গুলিবিনিময় হয়। এ সময় উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, তাদের এক সেনার শিরশ্ছেদ করে নিয়ে গেছে পাকিস্তানি সেনারা।ভারতের সেনাপ্রধান জেনারেল বিক্রম সিংয়ের আমন্ত্রণে গতকাল নয়াদিল্লিতে আর্মি ডের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ল্যান্স নায়েক হেমরাজের শিরশ্ছেদ করে নেওয়ার মতো ‘নৃশংস ঘটনায়’ যে-ই দোষী হোন না কেন, তাঁর বিচার করতে হবে। পাকিস্তান বিষয়টি উপলব্ধি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বয়স্ক পাকিস্তানিদের (৬৫ বছরের বেশি বয়সী) ভারত ভ্রমণের ভিসা চালু করা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের প্রতিক্রিয়ায় মনমোহন এসব কথা বলেন।বয়স্ক পাকিস্তানিদের ভ্রমণ ভিসা দেওয়া শুরু করছে ভারত: ভারত ভ্রমণে আগ্রহী বয়স্ক পাকিস্তানি নাগরিকদের ভিসা দেওয়া শুরু করতে যাচ্ছে নয়াদিল্লি। দুই দেশের মধ্যে ভ্রমণ সহজীকরণের লক্ষ্যে এক ঐতিহাসিক চুক্তির আওতায় দেশটি এ ব্যবস্থা নিচ্ছে।এই ব্যবস্থার আওতায় ৬৫ বছরের বেশি বয়সী পাকিস্তানি নাগরিকেরা ওয়াগা সীমান্ত ক্রসিং হয়ে ভারতে প্রবেশের অনুমতি পাবেন। ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ক উন্নয়নে গৃহীত উদ্যোগের একটি অংশ হলো এই পদক্ষেপ। ২০০৮ সালে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দুই পক্ষের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। ভারতের এই পদক্ষেপ গ্রহণের মধ্যেই সম্প্রতি বিতর্কিত কাশ্মীর সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সীমান্তের নিয়ন্ত্রণরেখা বরাবর দুই দেশের গুলিবিনিময়ের ঘটনায় দুজন ভারতীয় ও দুজন পাকিস্তানি সেনাসদস্য নিহত হয়েছেন।প্রতিবেশী দেশ দুটির মধ্যে গত বছরের সেপ্টেম্বরে সই হওয়া ওই চুক্তির আওতায় সর্বোচ্চ ৪৫ দিন মেয়াদে ভারত এই ভিসা দিচ্ছে। গতকাল মঙ্গলবার থেকেই এ কার্যক্রম শুরু হওয়ার কথা। ভিসাধারীরা লাহোরের কাছে ওয়াগা সীমান্ত ক্রসিং দিয়ে পায়ে হেঁটে ভারতে ঢোকার অনুমতি পাবেন।ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর, পাঞ্জাব, কেরালা ও প্রবেশ-নিষিদ্ধ কয়েকটি এলাকা ছাড়া সর্বোচ্চ যেকোনো পাঁচটি স্থানে ভ্রমণ করতে পারবেন এই ভিসাধারীরা। একজন ব্যক্তি বছরে এ ধরনের কেবল দুটি ভিসা পাবেন। ভারতে প্রবেশের পর পুলিশের কাছে তাঁদের কোনো প্রতিবেদন দাখিল করতে হবে না, যদিও এটি অধিকাংশ পাকিস্তানি ভ্রমণকারীদের জন্য বাধ্যতামূলক। এএফপি, পিটিআই ও বিবিসি।