পাকিস্তানের সব নির্বাচিত সরকার ব্যর্থ: মোশাররফ
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, রাষ্ট্র পরিচালনায় সে দেশের সব নির্বাচিত সরকার ব্যর্থ হয়েছে। তিনি বলেন, যেকোনো নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জনগণ ও দেশের স্বার্থে কাজ করা। কিন্তু পাকিস্তানে তা ঘটছে না। আর এটাই হলো পাকিস্তানের বড় সমস্যা।যুক্তরাষ্ট্র সফরকালে গত শুক্রবার একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পারভেজ মোশাররফ এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, জনগণের রায় নিয়ে আবারও রাজনীতিতে ফিরতে চান তিনি।ন্যাশনাল পাবলিক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে মোশাররফ বলেন, ‘দুর্ভাগ্যবশত পাকিস্তানের কোনো বেসামরিক সরকারই ভালো করতে পারেনি। আমি বারবার বলছি, পাকিস্তানে নির্বাচিত সরকারের ভালো করার ইতিহাস নেই। তাঁরা কখনোই ভালো করেনি।’অন্য আরেকটি অনুষ্ঠানে পাকিস্তানের বর্তমান সরকারেরও কড়া সমালোচনা করেছেন মোশাররফ। তিনি বলেন, সাম্প্রতিক বন্যাপরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়েছে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সরকার। ওই বন্যায় দেশব্যাপী দুই কোটি ১০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। মোশাররফ বলেন, ১৯৯৯ সালে সেনাপ্রধান হিসেবে বিদেশ সফর শেষে দেশে ফেরার পথে তিনি জানতে পারেন, তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তখনকার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এরপর দেশে ফিরে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণ করেন তিনি। এ অভ্যুত্থানের পক্ষে মোশাররফ বলেন, তাঁকে সরিয়ে দেওয়ার ‘অসাংবিধানিক পদক্ষেপ’-এর মাধ্যমে নওয়াজ শরিফ ‘নিজের পায়ে কুড়াল মেরেছেন’। তবে মোশাররফ স্বীকার করেন, এখনকার সেনাবাহিনীর সহায়তায় তাঁর আবার ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা নেই। ক্ষমতায় আসতে চাইলে জনগণের রায় নিয়েই ফিরবেন। ২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্রতে পরিণত হন মোশাররফ। মার্কিনিদের সন্ত্রাসবিরোধী যুদ্ধে প্রত্যক্ষ সমর্থন দেন তিনি। বিচার বিভাগে অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে দেশ্যব্যাপী কঠোর আন্দোলনের মুখে ২০০৮ সালে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এএফপি।