পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক ইমরান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের জনপ্রিয় রাজনীতিবিদদের তালিকার শীর্ষে রয়েছেন ইমরান খান। সম্প্রতি বিভিন্ন জনমত জরিপে দেখা যায়, দেশের অন্যান্য রাজনীতিবিদের চেয়ে জনপ্রিয়তায় অনেক এগিয়ে রয়েছেন সাবেক এই ক্রিকেটার।গত মাসে ইউগভ অ্যাট কেমব্রিজ পরিচালিত এক জনমত জরিপে অংশগ্রহণকারীদের ৭৭ শতাংশ মনে করেন, পাকিস্তানের নেতৃত্ব দেওয়ার জন্য ইমরান খানই সবচেয়ে যোগ্য ব্যক্তি। ওই জরিপে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পক্ষে মাত্র ১১ শতাংশ এবং বর্তমান প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির পক্ষে ১৩ শতাংশ সমর্থন রয়েছে। এর আগে নিউজউইক পাকিস্তান-এর এক জরিপেও ইমরান খানের পক্ষে ৮৬ শতাংশ ভোট পড়ে। এ ছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক পিইডব্লিউ পরিচালিত এক জরিপে ইমরান খানের পক্ষে ৭৮ শতাংশ ভোট পড়ে।ইমরান খানের এই জনপ্রিয়তার পেছনে ক্রিকেটই একমাত্র কারণ নয়। পরিচ্ছন্ন ভাবমূর্তি ও গণমানুষের সঙ্গে সম্পৃক্ততাই তাঁকে এগিয়ে রেখেছে অন্যদের চেয়ে। তিনি ছুটে গেছেন সন্ত্রাসকবলিত দেশটির বিভিন্ন প্রান্তে, সাধারণ মানুষের সঙ্গে অংশ নিয়েছেন পদযাত্রা ও ধরনায়। অন্যদিকে দেশের শীর্ষ রাজনীতিবিদেরা বিশেষ নিরাপত্তা এলাকায় অবস্থিত সুরক্ষিত বাড়ির মধ্যেই গুটিয়ে রেখেছেন নিজেদের। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরে গিয়ে খোলা আকাশের নিচে একটি ধরনায় নেতৃত্ব দিয়ে ইমরান খান রীতিমতো চমক সৃষ্টি করেন। ওই এলাকায় কয়েক বছর ধরে প্রায় প্রতিদিনই তালেবান জঙ্গিদের হামলা হচ্ছে। কিন্তু সেখানে অবলীলায় চলে যেতে পারেন সত্তর ও আশির দশকের হার্টথ্রব এই ক্রিকেটার। ইমরান খানের এ ধরনের দুঃসাহসী পদক্ষেপ কি বোকামি? না, তাঁর গুণগ্রাহীরা মনে করেন, ইমরান খানই পাকিস্তানের রাজনীতির পরবর্তী প্রভাবশালী নেতা। রাজনৈতিক ক্ষেত্রে ক্রিকেটের মাঠে নিজের অর্জিত সাফল্যকে হয়তো ছাড়িয়েও যেতে পারেন ইমরান খান। টাইমস অব ইন্ডিয়া।