পাকিস্তানের সাহায্য ছাড়াই শান্তি প্রক্রিয়ায় প্রস্তুত আফগানিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সহযোগিতা ছাড়াই শান্তি-প্রক্রিয়া শুরুর জন্য আফগানিস্তান প্রস্তুত রয়েছে। দেশটির পক্ষ থেকে গত বুধবার প্রথমবারের মতো এ ঘোষণা দিয়েছেন পররাষ্ট্র উপমন্ত্রী জাবেদ লুদিন।আফগানিস্তানে বিদ্রোহী সংগঠনগুলোর কর্মকাণ্ড দমন করে শান্তি প্রতিষ্ঠার জন্য আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়। এ ব্যাপারে ‘পাকিস্তানের আত্মতুষ্টিমূলক’ অবস্থানে হতাশা প্রকাশ করেন লুদিন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যে কয়েকজন জ্যেষ্ঠ তালেবান নেতাকে বাগরাম কারাগারে হস্তান্তর করেছে, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁদের সঙ্গে আলোচনা করা হবে।তালেবান ও অন্যান্য বিদ্রোহী সংগঠনকে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে সংযুক্ত করতে পাকিস্তানের প্রতি আফগানিস্তানের পক্ষ থেকে জোরালো চাপ দেওয়া হয়। পাকিস্তানে তালেবানের কয়েকজন নেতাকে সম্প্রতি মুক্তি দেওয়া হয়। লুদিন বলেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে পাকিস্তান সরকারের নীতি পরিবর্তন হয়েছে। বিষয়টি গত কয়েক মাসে কাবুলের নজরে এসেছে।এদিকে, পাকিস্তানে নির্ধারিত একটি সামরিক সফর বাতিল করেছে আফগানিস্তান। এর কারণ হিসেবে দেশটির পূর্ব সীমান্ত এলাকায় পাকিস্তান থেকে ‘অগ্রহণযোগ্য গোলাবর্ষণ’কে দায়ী করা হয়েছে। পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে গত সোম ও মঙ্গলবার অন্তত কয়েক ডজন গোলাবর্ষণ করা হয়েছে বলে কাবুল অভিযোগ করেছে। এ ঘটনার জেরে সামরিক সফর বাতিলের নেতিবাচক প্রভাব দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও পড়বে বলে ধারণা করা হচ্ছে। আফগান সেনা কর্মকর্তাদের ওই সফরে পাকিস্তানের কোয়েটা শহরে অবস্থিত স্টাফ কলেজে প্রশিক্ষণ নেওয়ার কথা ছিল। সফরটি বাতিলের ব্যাপারে সামরিক বাহিনী ‘বিস্তারিত’ জানায়নি।আফগানিস্তান থেকে আগামী বছরের শেষ নাগাদ বিদেশি সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে। তাই সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য আগাম উদ্যোগের প্রয়োজন রয়েছে। এএফপি।