পাকিস্তানের সুপ্রিম কোর্টের লক্ষ্য এবার সেনাবাহিনী
পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারকেরা এবার দেশটির শক্তিশালী সেনাবাহিনীকে লক্ষ্যবস্তু করেছেন। নির্বাচন প্রভাবিত করতে সেনা কর্মকর্তারা রাজনীতিবিদদের অর্থ দিয়েছেন বলে ১৬ বছর আগে ওঠা একটি অভিযোগ নতুন করে তদন্ত শুরু করেছেন সুপ্রিম কোর্ট। এ নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতি চলছে। তবে নতুন করে তদন্ত শুরুর মাধ্যমে সুপ্রিম কোর্ট ওই ‘ঘুষ’ প্রদানের ঘটনায় সেনাবাহিনীর ঠিক কোন কোন কর্মকর্তাকে ধরবেন, তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। সুপ্রিম কোর্টের বিচারকেরা যে পাকিস্তানের উদীয়মান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছে, নতুন এ পদক্ষেপ তার স্পষ্ট ইঙ্গিত। সুপ্রিম কোর্টে বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে একটি আদালত অবমাননার শুনানি চলছে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে একটি অর্থপাচার মামলা পুনরুজ্জীবিত করতে সুইজারল্যান্ডের কর্তৃপক্ষকে চিঠি দিতে আদালতের নির্দেশ না মানায় প্রধানমন্ত্রী গিলানিকে আদালতে অভিযুক্ত করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হতে পারে। হারাতে পারেন প্রধানমন্ত্রিত্ব। অবশ্য সমালোচক ও বিশ্লেষকদের মতে, সেনাবাহিনীর পিছু নিয়ে সুপ্রিম কোর্ট এটাই প্রমাণ করতে চাইছেন যে, আদালত শুধু নির্বাচিত বেসামরিক সরকারের অপকর্মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন বলে যে খবর চাউর হয়েছে, তা আদৌ সঠিক নয়।এ ছাড়া ‘নিখোঁজ’ পাকিস্তানি নাগরিক, যাদের জঙ্গি বা বিচ্ছিন্নতাবাদী সন্দেহে দেশের সেনাবাহিনী ধরে নিয়ে গিয়ে মাসের পর মাস বছরের পর বছর অজ্ঞাত স্থানে রেখেছে, তাদের ব্যাপারেও সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে ব্যাখ্যা চেয়েছেন আদালত।বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সেনাবাহিনী, বেসামরিক সরকার ও আদালতের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব যে আরও প্রকট হচ্ছে, নতুন এ পদক্ষেপ তারই বহিঃপ্রকাশ। তিন পক্ষই নিজেদের প্রভাব জাহির করতে চাইছে। তবে এখন পর্যন্ত তাদের মধ্যে ভারসাম্যই দেখা যাচ্ছে। কোনো পক্ষই অন্য পক্ষের বিরুদ্ধে চূড়ান্তভাবে ঘায়েল করার মতো যথেষ্ট ক্ষমতা রাখে না বা সে ধরনের ইচ্ছা পোষণ করে না। মাস কয়েক আগে গণমাধ্যমে দেশটিতে সম্ভাব্য সেনা অভ্যুত্থানের যে গুজব জোরেশোরে প্রচারিত হচ্ছিল, তা-ও এখন ফিকে হয়ে গেছে। মূলত সেনাবাহিনীর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যে পিটিশন নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছেন, সেটি ১৯৯৬ সালে দায়ের করেছিলেন পাকিস্তানের সাবেক এয়ার ভাইস মার্শাল আসগর খান। তিনি সে সময় দাবি করেছিলেন, সেনাবাহিনী পরিচালিত গোয়েন্দা সংস্থা আইএসআই দেশটির ১৯৯০ সালের সাধারণ নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টিকে (পিপিপি) ঠেকাতে ডানপন্থী রাজনীতিবিদদের অর্থ দিয়েছিলেন। যদিও ওই নির্বাচনে শেষমেশ পিপিপিই জয়লাভ করে সরকার গঠন করে। কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই সুপ্রিম কোর্ট গত মাসে ওই অভিযোগের শুনানি শুরু করেন। চলতি সপ্তাহে যেসব সাক্ষ্য-প্রমাণ হাজির করা হয়েছে, তাতে আইএসআই যে দেশটির নির্বাচন প্রভাবিত করতে বিভিন্ন সময় চেষ্টা করেছে, তা উঠে এসেছে। গত বৃহস্পতিবার রাষ্ট্রনিয়ন্ত্রিত মেহরান ব্যাংকের ৯০ বছর বয়স্ক ব্যাংক কর্মকর্তা সাক্ষ্য দেন, তিনি ১৫ লাখ ডলারের সমপরিমাণ অর্থ রাজনীতিবিদদের মধ্যে বণ্টন করেন। আইএসআই কর্মকর্তাদের ওপর তৎকালীন সেনাপ্রধান জেনারেল আসলাম বেগ ও সেনাবাহিনীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রেসিডেন্ট গুলাম ইসহাকের এ ব্যাপারে নির্দেশ ছিল।যাঁদের বিরুদ্ধে এ অর্থ নেওয়ার অভিযোগ ওঠে, তাঁদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন।‘আইএসআইয়ের অর্থ নেওয়া ব্যক্তিদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত’—বর্তমানে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ সাবেক ক্রিকেটার ইমরান খান গত শুক্রবার বলেছেন, যেসব নেতা আইএসআইয়ের কাছ থেকে অর্থ নিয়েছেন তাঁদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলে তিনি তাই করতেন। পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরের গুজার খান এলাকায় একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান বলেন, লাখ লাখ রুপি অর্থ আত্মসাতের ঘটনায় প্রেসিডেন্ট জারদারিকে রক্ষা করতে প্রধানমন্ত্রী গিলানি আদালতে হাজিরা দিচ্ছেন। তিনি আরও বলেন, ঔপনিবেশিক যুগের আইন ও দুর্নীতিবাজ রাজনীতিবিদদের হাত থেকে জনগণকে রক্ষা করতে তাঁর দল কাজ করবে। এপি, ডন অনলাইন।