পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা কামরান ফয়সাল আত্মহত্যা করেছেন বলে ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত শনিবার ময়নাতদন্তের এ প্রতিবেদন সুপ্রিম কোর্টে জমা দিয়েছে পুলিশ।ইসলামাবাদের সরকারি বাসভবন থেকে গত সপ্তাহে ফয়সালের (৩৫) ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়। তিনি পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা জাতীয় জবাবদিহি ব্যুরোতে (এনএবিতে) কর্মরত ছিলেন। ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী আশরাফের বিরুদ্ধে চলা মামলার মূল তদন্ত কর্মকর্তা আসগর খানকে সহায়তা করতেন তিনি।ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রীয় বেতারে বলা হয়, এনবিএ কর্মকর্তা ফয়সালের মৃত্যুর কারণ আত্মহত্যা।তবে ফয়সালের সহকর্মী ও পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাটির বিচার বিভাগীয় তদন্তে একটি বেঞ্চও গঠন করেছেন প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরী। দুজন বিচারপতির সমন্বয়ে গঠিত এ বেঞ্চ শিগগিরই তাঁদের প্রতিবেদন জমা দেবেন। পিটিআই