পাকিস্তানের সেনা অভিযানে ৩৫ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গোলযোগপূর্ণ উপজাতীয় এলাকা খাইবারে সেনা অভিযানে ৩৫ জন জঙ্গি ও এক সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল রোববার দেশটির সেনা সূত্রের বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ তথ্য জানানো হয়।

দেশটির আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানায়, সেনা অভিযান চলাকালে দুই দিনের সংঘর্ষে পাঁচজন সেনাসদস্য ও ১৫ জন জঙ্গি আহত হয়।
নিরাপত্তা বাহিনী গত তিন দিনে ‘তাত্পর্যপূর্ণ সাফল্য’ অর্জন করেছে। খাইবারের ময়দান অঞ্চলের প্রধান প্রধান এলাকা তারা দখলে নিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী জঙ্গিদের কৌশলগত অবস্থান দেরাস্তানি রিজ পুরো নিয়ন্ত্রণে নিয়েছে। এই এলাকা থেকে ময়দান ও কুকি খেল উপত্যকার ওপর সহজেই নজর রাখা যায়। নিরাপত্তা বাহিনী দাওয়াজগাই কানদো থেকে জঙ্গিদের তাড়িয়ে দিয়েছে।

কয়েক সপ্তাহ আগে পাকিস্তানি তালেবানের একটি দল খাইবারের গুরুত্বপূর্ণ কিছু এলাকা দখল করে নেয়। এ ঘটনায় গত ৬ জুন থেকে সেনাবাহিনী সেখানে জঙ্গিবিরোধী অভিযান শুরু করে।