পাকিস্তানের সেনাপ্রধানের মেয়াদ তিন বছর বাড়ল
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির মেয়াদ আরও তিন বছরের জন্য বাড়ানো হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক টেলিভিশন ভাষণে এ ঘোষণা দেন। পাকিস্তানে কোনো গণতান্ত্রিক সরকারের আমলে সে দেশের সেনাপ্রধানের মেয়াদ বাড়ানোর ঘটনা এটাই প্রথম। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে পরামর্শ করে সেনাপ্রধানের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী গিলানি। মেয়াদ বাড়ানোয় জেনারেল কায়ানি ২০১৩ সাল পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এ বছরের ২৮ নভেম্বর তাঁর অবসরে যাওয়ার কথা ছিল।মেয়াদ বাড়ানোর ফলে জেনারেল কায়ানিই হবেন বর্তমান পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর কর্তাদের মধ্যে একমাত্র ব্যক্তি, যিনি দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন। কেননা প্রেসিডেন্ট জারদারির মেয়াদ শেষ হবে ২০১৩ সালের সেপ্টেম্বরে। আর প্রধানমন্ত্রী গিলানির মেয়াদ শেষ হবে একই বছরের মার্চে। জেনারেল আশফাক কায়ানির নেতৃত্বে পাকিস্তানের সেনাবাহিনী গত বছর দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় আল-কায়েদা ও তালেবানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালায়।পাকিস্তানের সামরিক সূত্র জানিয়েছে, জেনারেল আশফাক কায়ানির মেয়াদ বাড়ানোর ব্যাপারে সম্মতি প্রকাশ করেছেন তাঁর অধীনস্থ কমান্ডাররা। সম্প্রতি পাকিস্তান সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জেনারেল কায়ানির মেয়াদ বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে খবর বেরিয়েছে। তবে ইসলামাবাদে মার্কিন দূতাবাস এ খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।প্রসঙ্গত জেনারেল কায়ানির সঙ্গে মার্কিন সেনা কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। ডন।