পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ
পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতন চালানোর অভিযোগ এনেছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। অভিযোগ প্রমাণিত হলে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার হুমকির মুখে পড়তে পারে।হিউম্যান রাইটস ওয়াচের কর্মকর্তারা মার্কিন পররাষ্ট্র দপ্তর ও প্রতিনিধি পরিষদ কার্যালয়কে জানিয়েছেন, তাঁরা গত আট মাসে পাকিস্তানের সোয়াত উপত্যকায় দুই শতাধিকেরও বেশি হত্যাকাণ্ডের প্রমাণ পেয়েছেন। তালেবান জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল সন্দেহে তাদের হত্যা করা হয়।তবে পাকিস্তানের সেনাবাহিনী এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস ইসলামাবাদে বলেছেন, ‘সোয়াত সাংবাদিকদের জন্য উন্মুক্ত এলাকা। আপনারা সেখানে গিয়ে ঘটনার তদন্ত করতে পারেন।’ তিনি প্রশ্ন করেন, ‘আপনারা পাকিস্তানের কোনো সংবাদপত্রে এ ধরনের খবর দেখেছেন?’লাহোরভিত্তিক বেসরকারি সংস্থা হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তান ২৪৯ জনের একটি তালিকা তৈরি করেছে। ২০০৯ সালের ৩০ জুলাই থেকে ২০১০ সালের ২২ মার্চ পর্যন্ত সময়ে তাদের হত্যা করা হয়েছে। সংস্থাটির দাবি, বিচারবহির্ভূতভাবে এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে এবং বেশির ভাগ মৃতদেহ সোয়াত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, নিরপেক্ষ সংবাদকর্মী ও স্থানীয়রা ধারণা করেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে সেনাবাহিনী জড়িত।ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষমতার অপব্যহারের এ অভিযোগ তাঁরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। মার্কিন প্রশাসন বিষয়টি নিয়ে ইসলামাবাদের সঙ্গে কথা বলেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ফিলিপ ক্রাউলি বলেন, ‘বিষয়টি নিয়ে আমাদের উদ্বেগের কথা ঊর্ধ্বতন পাকিস্তানি কর্মকর্তাদের জানিয়েছি। আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।’হিউম্যান রাইটস ওয়াচের কর্মকর্তারা জানিয়েছেন, তালেবান জঙ্গিদের হাতে সোয়াতের নিয়ন্ত্রণ থাকার সময় যেসব স্থানীয় লোক জঙ্গিদের প্রতি সমর্থন জানিয়েছিল, তাদের বিরুদ্ধে হত্যা ও নির্যাতন চালাচ্ছে সেনাবাহিনী। বেআইনি নির্যাতনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে তাঁরা জানান, সোয়াতে একটি পরিবারের এক ছেলে তালেবান জঙ্গিদের সঙ্গে যোগ দেওয়ায় সেনাবাহিনী আরেক ছেলেকে ধরে নিয়ে গেছে। ছেলেদের বাবাকে তারা বলে গেছে, ওই ছেলে ধরা দিলে এই ছেলেকে মুক্তি দেওয়া হবে। রয়টার্স।