পাকিস্তানের স্বার্থেই শান্তিপূর্ণ আফগানিস্তান চাই: নওয়াজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, নিজের স্বার্থেই শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তান চায় ইসলামাবাদ। পারস্পরিক আস্থা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার ওপর ভিত্তি করে প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই পাকিস্তানের চাওয়া।
আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল শনিবার দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন নওয়াজ। গতকালই এক দিনের সফরে কাবুল যান পাকিস্তানের প্রধানমন্ত্রী। গত মে মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রতিবেশী দেশটিতে এটাই নওয়াজের প্রথম সফর। সন্ত্রাসবাদসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের সম্পর্কে বেশ কিছুদিন ধরে টানাপোড়েন চলছে।
সংবাদ সম্মেলনে নওয়াজ বলেন, পাকিস্তান সম্প্রতি কট্টরপন্থী তালেবান গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতা আবদুল গনি বারাদারকে মুক্তি দিয়েছে। ইসলামাবাদের এ উদ্যোগ এটাই প্রমাণ করে যে তারা আফগান শান্তি প্রক্রিয়ায় সহায়তা দিতে অঙ্গীকারবদ্ধ।
একজন সাংবাদিকের এই প্রশ্নের জবাবে নওয়াজ বলেন, ‘আফগানিস্তান স্বাধীন ও সার্বভৌম দেশ। এ সিদ্ধান্ত তারাই নেবে।’ তিনি জানান, বাণিজ্য এবং জ্বালানি খাত নিয়েও কারজাইয়ের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে।
নওয়াজের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট কারজাই বলেন, কিছুদিন আগে আফগান পিস কাউন্সিলের প্রধান সালাউদ্দিন রাব্বানি পাকিস্তান সফর করেন। তাঁর ওই সফরের লক্ষ্য ছিল দুই দেশের শান্তি প্রক্রিয়া নিয়ে আবার আলোচনার পথ সুগম করা। নওয়াজের সঙ্গে বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে কারজাই বলেন, ‘এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আফগানিস্তান, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, সে ব্যাপারে আলোচনা হয়েছে।’
তালেবানের সঙ্গে শান্তিপ্রক্রিয়া নিয়ে আলোচনার দায়িত্বপ্রাপ্ত আফগান পিস কাউন্সিলের প্রধানের সঙ্গেও গতকাল বৈঠক করার কথা ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রীর।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবানের অন্যতম পৃষ্ঠপোষক বলা হয়ে থাকে পাকিস্তানকে। যুক্তরাষ্ট্রে ৯/১১ সন্ত্রাসবাদী হামলার পর চালানো মার্কিন সামরিক অভিযানে তালেবান সরকারের পতন ঘটে। তখন থেকেই দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সেনা অবস্থান করছে। আগামী বছরের মধ্যেই বিদেশি সেনা প্রত্যাহার করার কথা রয়েছে। বিষয়টি নিয়ে আফগান সরকার ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে।
স্থিতিশীল আফগানিস্তান গড়তে দেশটি থেকে বিদেশি সেনা প্রত্যাহারের আগেই তালেবানের সঙ্গে সরকারের সমঝোতা প্রয়োজন মনে করে দুই পক্ষের মধ্যে আলোচনার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু গত জুনে কাতারে তালেবানের কার্যালয় খোলাকে কেন্দ্র করে সেই আলোচনার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। আফগান সরকারের অভিযোগ, তালেবান গোষ্ঠী নির্বাসিত সরকারের মতো করে কাতারে ‘দূতাবাস’ খুলেছে, যা গ্রহণযোগ্য নয়। এরপর তালেবানও কারজাইকে যুক্তরাষ্ট্রের ‘হাতের পুতুল’ আখ্যা দিয়ে আফগান সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে অস্বীকৃতি জানায়। ডন।