পাকিস্তানের হাসপাতালে অক্সিজেন সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

পাকিস্তানে একটি সরকারি হাসপাতালে গত শনিবার অক্সিজেন–সংকট দেখা দেয়। এতে ওই হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এক রোগীও মারা গেছেন।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারের খাইবার টিচিং হসপিটালে ঘটনাটি ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়। অক্সিজেন সরবরাহের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে অক্সিজেন সিলিন্ডার পৌঁছাতে দেরি হওয়ায় ওই সংকট দেখা দেয় বলে দাবি করেছে হাসপাতাল সূত্র। তবে ওই হাসপাতালে সংকটকালে ব্যবহারের জন্য ৩০০ সিলিন্ডার মজুত ছিল। কিন্তু সেগুলো থেকে কেন অক্সিজেন সরবরাহ করা হলো না, তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এ ঘটনায় হাসপাতালের পরিচালক ও কয়েক কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

পাকিস্তানে এ পর্যন্ত চার লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন আট হাজারের বেশি।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, খাইবার টিচিং হসপিটালে প্রতিদিনের মতো গত শনিবার সন্ধ্যায় সিলিন্ডারভর্তি অক্সিজেন পৌঁছানোর কথা ছিল। কিন্তু সময়মতো তা না পৌঁছানোয় হাসপাতালে অক্সিজেন–সংকট দেখা দেয়। এরপরই পাঁচ করোনা রোগী ও আইসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়। সন্ধ্যায় যে অক্সিজেন পৌঁছানোর কথা ছিল, অবশেষে তা পৌঁছায় পরদিন রোববার স্থানীয় সময় ভোর চারটায়। হাসপাতালের কর্মকর্তারা এই ঘটনাকে ‘অবহেলাজনিত অপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছেন।

স্বজনদের বাঁচাতে আমরা হাসপাতালজুড়ে পাগলের মতো ছুটছিলাম, হাসপাতালকর্মীদের হাতে-পায়ে ধরছিলাম।
মুরিদ আলী, করোনা রোগীর ছেলে

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। তদন্ত কমিটি জানতে পেরেছে, হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টে ঘটনার সময় যে কর্মীর দায়িত্ব পালনের কথা ছিল, তিনি সে সময় সেখানে ছিলেন না। এ ছাড়া অক্সিজেন সিলিন্ডারগুলোও আংশিকভাবে পূর্ণ করা হতো।

ওই সময়ের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে মুরিদ আলী নামের একজন বলেন, ‘স্বজনদের বাঁচাতে আমরা হাসপাতালজুড়ে পাগলের মতো ছুটছিলাম, হাসপাতালকর্মীদের হাতে-পায়ে ধরছিলাম।’ মুরিদ আলীর মা করোনায় সংক্রমিত হয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জানান, কয়েক রোগীকে হাসপাতালের ইমারজেন্সি কক্ষে নেওয়া হয়। সেখানে অক্সিজেনের সরবরাহ তখনো ঠিক ছিল। কিন্তু সেখানেও সরবরাহ কমে এলে কয়েক রোগীর মৃত্যু হয়। অক্সিজেন না পেয়ে অনেক রোগীর অবস্থা সঙ্গীন হয়ে পড়ে।

মুরিদ আলী অভিযোগ করেন, হাসপাতালের কর্মীরা সংকটে ব্যবস্থা না নিয়ে রোগীর স্বজনদের অক্সিজেন সিলিন্ডার কিনে আনতে বলেন। গুটিকয়েক রোগীর স্বজনেরা তা কিনতে পেরেছিলেন।