পাকিস্তানের ৪০ লাখ মানুষ তালেবান শাসনে রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ৪০ লাখ মানুষ তালেবান জঙ্গিদের শাসনাধীনে রয়েছে। এরা জঙ্গিদের দ্বারা চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়। আবার জঙ্গি দমনে সেনাবাহিনীর অভিযানের সময় পাকিস্তানি সেনাদের হাতেও নির্যাতনের শিকার হয়। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।‘অ্যাজ ইফ হেল ফেল অন মি’ শীর্ষক প্রতিবেদনে সংস্থাটি জানায়, গত বছর ওই অঞ্চলে জঙ্গিদের সঙ্গে পাকিস্তানি সেনাদের সংঘর্ষের সময় এক হাজার ৩০০ বেসামরিক নাগরিক প্রাণ হারায়। এ সময় ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। বাস্তুচ্যুত এসব মানুষ দেশটির বিভিন্ন শহরে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে।অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক সামান জিয়া-জাফরি গতকাল ইসলামাবাদে সাংবাদিকদের বলেন, গত কয়েক বছরে পাকিস্তানের ওই অঞ্চলে জঙ্গিরা নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। তারা সহিংসতা সৃষ্টি ও স্থানীয় লোকজনের মধ্যে ভীতি ছড়িয়ে নিজেদের আদর্শ প্রতিষ্ঠা করে। সেখানে চালু করে নিজেদের শাসন। তিনি বলেন, কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করলেই তাকে হত্যা করে জঙ্গিরা। এমন শত শত আদিবাসী ও ধর্মীয় নেতা, শিক্ষক ও সুশীল সমাজের নেতাকে হত্যা করা হয়েছে। সামান জাফরি জানান, সেনা অভিযানের সময় জঙ্গিরা বেসামরিক জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করেছে। অভিযানের সময় সেনারা বেসামরিক জনগণকে রক্ষার চেষ্টা করেনি বলেও উল্লেখ করেন তিনি। সামান জাফরি বলেন, অভিযানের সময় সরকারের ভূমিকায় মনে হয়েছে, শুধু জঙ্গি নির্মূলই তার প্রধান লক্ষ্য। ওই অঞ্চলের বেসামরিক জনগণকে রক্ষার কোনো চিন্তা তার নেই।পাকিস্তান সেনাবাহিনী গত বছর জঙ্গি নির্মূলে উত্তর-পশ্চিমাঞ্চলের সোয়াত উপত্যকাসহ আদিবাসী অধ্যুষিত অঞ্চলে বড় ধরনের অভিযান চালায়। সেনাবাহিনীর দাবি, অভিযানে জঙ্গিদের একটি বড় অংশকেই নির্মূল করা গেছে। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকেরা বলছেন, পাকিস্তানে জঙ্গি তত্পরতায় জড়িত সন্দেহে প্রায় দুই হাজার ৫০০ ব্যক্তিকে কোনো অভিযোগ ছাড়াই আটকে রাখা হয়েছে। এটি জঙ্গিদের বেপরোয়াভাবে হামলা চালাতে উত্সাহিত করবে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন। আটক ব্যক্তিদের সম্পর্কে সামান জাফরি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় এটি কোনো ইতিবাচক খবর নয়। বিনা বিচারে কাউকে গোপন কোনো জায়গায় আটকে রাখা কিংবা বন্দুকযুদ্ধে নিহত হওয়া বলে চালিয়ে দেওয়ার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা যাবে না। তিনি আটক সবাইকে আদালতে হাজির করতে সরকারের প্রতি আহ্বান জানান।অ্যামনেস্টির প্রতিবেদনে ওই অঞ্চলে কর্তৃপক্ষের সহায়তায় তালেবানবিরোধী আদিবাসী মিলিশিয়া বাহিনীর তত্পরতারও কঠোর সমালোচনা করা হয়। এতে বলা হয়, মিলিশিয়ারা তালেবানবিরোধী কথা বললেও তাদের তত্পরতা ওই এলাকায় সহিংসতাকেই জিইয়ে রাখবে। রয়টার্স।