পাকিস্তানের ৭০ কোটি ডলার সহায়তা আটকে দিল যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিরুদ্ধে সর্বশেষ পদক্ষেপ হিসেবে মার্কিন আইনপ্রণেতারা আরও ৭০ কোটি ডলারের সহায়তা আটকে দিয়েছেন। পাকিস্তান জানিয়েছে, তাদের দেশের ওপর দিয়ে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর রসদ সরবরাহকারী ট্রাক ও তেলবাহী ট্যাংকারগুলোর ওপর করারোপের চিন্তা করা হচ্ছে।গত ২৬ নভেম্বর আফগান সীমান্তে পাকিস্তানের দুটি সেনা চৌকিতে ন্যাটো বাহিনীর বিমান হামলায় পাকিস্তানি ২৪ সেনাসদস্য নিহত হন। এ ঘটনায় পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিককালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। নতুন এসব পদক্ষেপ দুই দেশের মধ্যে চলমান বৈরী সম্পর্ককে আরও অবনতির দিকে ঠেলে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।বিপুল অঙ্কের মার্কিন সহায়তা পাওয়া দেশগুলোর একটি হচ্ছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ঘনিষ্ঠ মিত্র দেশ পাকিস্তানের জন্য ২০০১ সাল থেকে এ পর্যন্ত প্রায় দুই হাজার মার্কিন ডলার সহায়তা বরাদ্দ করেছে। তবে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাকিস্তানের ভূমিকা নিয়ে দেশটির ওপর ক্রমেই ক্ষুব্ধ হচ্ছেন মার্কিন আইনপ্রণেতারা।গত সপ্তাহে রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন অভিযোগ করেন, আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে জঙ্গিরা যেসব বোমা ব্যবহার করে থাকে, এর উপদান পাকিস্তানের দুটি সার কারখানা থেকে সরবরাহ করা হচ্ছে।আইনপ্রণেতারা নতুন করে যে পরিমাণ সহায়তা আটকে দেওয়ার বিষয়ে একমত হয়েছেন, তা পাকিস্তানের জন্য বরাদ্দ বিপুল অঙ্কের সহায়তার একটি ক্ষুদ্র অংশ মাত্র। পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁদের দেশ হয়ে আফগানিস্তানে যাওয়া ন্যাটো বাহিনীর রসদ সরবরাহকারী ট্রাক ও তেলবাহী ট্যাংকারগুলোর ওপর করারোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।পাকিস্তানের ওপর দিয়ে ন্যাটো বাহিনীর রসদ সরবরাহের পথটি খুবই গুরুত্বপূর্ণ। তবে পাকিস্তানি ২৪ সেনাসদস্য নিহত হওয়ার জের ধরে পথটি বর্তমানে বন্ধ রেখেছে পাকিস্তান। রয়টার্স ও বিবিসি।