পাকিস্তানের ‘ম্যানগ্রোভ-পিতা’
একটি অপহরণের ঘটনা তাঁকে পরিবেশযোদ্ধায় পরিণত করেছে। ‘ম্যানগ্রোভ-পিতা’ বলে খ্যাতি এনে দিয়েছে। অপহরণের ঘটনার ২৭ বছর পরও তিনি একইভাবে লড়ে যাচ্ছেন বনদস্যুদের বিরুদ্ধে। বন উজাড় হওয়া ঠেকাতে খেটে যাচ্ছেন দিনরাত।বন রক্ষায় আত্মনিবেদিত এই ব্যক্তি হলেন পাকিস্তানের তাহির কোরেশি (৬৫)। জীবনের পড়ন্ত বেলায়ও তিনি পুরোদমে কাজ করে যাচ্ছেন বন রক্ষায়। গাছগাছালির সঙ্গে তাঁর রোজকার মিতালি অটুট রয়েছে এখনো। নিজ উদ্যোগে হারিয়ে যাওয়া থেকে পুনরুদ্ধার করেছেন বিশাল এক ম্যানগ্রোভ বন।এ ব্যাপারে সাবেক বন কর্মকর্তা তাহির কোরেশি বলেন, ‘এটাই আমার জীবন। গাছগাছড়া নিয়ে থাকতে পেরে আমি খুব সুখী। এমন জীবন কাটানোর একটা মূল্য আছে।’১৯৮৪ সালের কথা। তখন তিনি বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন দক্ষিণাঞ্চলে। ওই সময় দাদু জেলায় একদল দুর্বৃত্ত তাঁকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। তাহির বলেন, ‘আমাকে একটানা কয়েক দিন বন্দী করে রাখে তারা। একপর্যায়ে যখন তারা জানতে পারল যে আমি একজন বন কর্মকর্তা, তখন কোনো কথা না বলে আমাকে ছেড়ে দিল।’ এ ঘটনা দারুণভাবে প্রভাব ফেলে তাহিরের জীবনে। পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় অবদান রাখার ব্যাপারে উদ্বুদ্ধ হন তিনি।ওই দুর্বৃত্তরা যে কারণে তাহিরকে ছেড়ে দিয়েছিল, এর পেছনে অবশ্য তাদের নিজ স্বার্থ জড়িত ছিল। বনজঙ্গল হচ্ছে তাদের আত্মগোপনের মোক্ষম জায়গা। কাজেই বনের রক্ষক মানেই তাদের বন্ধু। এর বাইরে দুর্বৃত্তদের মধ্যে বৃক্ষপ্রেমও দেখতে পেয়েছিলেন তাহির। গাছ যেহেতু জীবিকার সন্ধান দেয়, পরিবেশ রক্ষা করে—এ জন্য গাছ কাটাকে অন্যায় কাজ বলে মনে করত দুর্বৃত্তরা। তাদের কথোপকথনে এ কথা জানতে পারেন তাহির। একদল খারাপ মানুষের এই বৃক্ষপ্রেমে অভিভূত হন তিনি। শুরু হয় পরিবেশ রক্ষায় তাঁর নিরন্তর চেষ্টা। ম্যানগ্রোভ বন রক্ষায় বৃক্ষরোপণ ও তার পরিচর্যায় একমনে লেগে থাকেন তিনি।আগে পাকিস্তানে ম্যানগ্রোভ বন ছিল বড়ই অবহেলিত। লোকজনের ধারণা ছিল, এই বনভূমি কোনো কাজেই আসে না। তাহির সবাইকে বোঝাতে সক্ষম হন যে ম্যানগ্রোভ বন জীববৈচিত্র্যে ভারসাম্য রক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে সমানভাবে ভূমিকা রাখতে পারে। এতে এই বন রক্ষায় জনসচেতনতা বাড়ে। তাহির উপকূলীয় অঞ্চলের লোকজনকে প্রশিক্ষণ দেন, কীভাবে ম্যানগ্রোভের চারা লাগাতে হয় এবং বনাঞ্চল রক্ষায় কী কী কৌশল প্রয়োগ করতে হয়।জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানে ১৯৯০ থেকে ২০১০ সালের মধ্যে প্রতিবছর গড়ে ৪২ হাজার হেক্টর করে বনভূমি হারিয়েছে। এ ধারা চলতে থাকলে পরবর্তী এক দশকে বাকি বনভূমির অর্ধেক হারাবে দেশটি।এই বিপর্যয়ের মধ্যে তাহির কোরেশি ৩০ হাজার হেক্টর ম্যানগ্রোভ বন বিলুপ্তি থেকে রক্ষা করে পূর্বাবস্থায় ফিরিয়ে এনেছেন। বেলুচিস্তানসহ আরব সাগরের দক্ষিণ উপকূলজুড়ে রয়েছে এই ম্যানগ্রোভ বন। বর্তমানে তাহির কোরেশি উপকূলীয় পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার একজন জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এএফপি।