পাকিস্তানের'মডেল'মসজিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুল ইমান জামিয়া মসজিদ কুর্তুবা হবে পাকিস্তানের প্রথম মসজিদ যেটিতে কোনো সম্প্রদায়ের মধ্যে তফাত করা হবে না। ছবি: দ্য ডন
দারুল ইমান জামিয়া মসজিদ কুর্তুবা হবে পাকিস্তানের প্রথম মসজিদ যেটিতে কোনো সম্প্রদায়ের মধ্যে তফাত করা হবে না। ছবি: দ্য ডন

পাকিস্তান, ইরাক, ইরান, সিরিয়া থেকে শুরু করে অনেক মুসলিম-অধ্যুষিত দেশে এক সম্প্রদায়ের মুসলিমের ওপর আরেক সম্প্রদায়ের প্রাণঘাতী হামলা নিত্য ব্যাপার। শুধু ইরাকে গত চার মাসে শিয়া-সুন্নি সংঘাতে আড়াই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। সাম্প্রদায়িক ঈর্ষা, সংঘাত ও রক্তারক্তি বন্ধে এবার পাকিস্তানের এক ব্যবসায়ী এমন এক মসজিদ তৈরির উদ্যোগ নিয়েছেন, যেখানে সব সম্প্রদায়ের মুসলমান একসঙ্গে ইবাদত করবে এবং একই ছাদের তলে অবস্থান করবে।

দ্য ডনের অনলাইনে প্রকাশিত এক খবরে আজ শুক্রবার বলা হয়েছে, দারুল ইমান জামিয়া মসজিদ কুর্তুবা হবে পাকিস্তানের সাম্প্রদায়িক সংঘাতের ক্ষেত্রে এক ব্যতিক্রমী ঘটনা। এ মসজিদ তৈরি হচ্ছে ইসলামাবাদের মার্গালা এলাকায়।

মসজিদটি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ী জাহিদ ইকবাল। ২০১০ সালে ‘সব সম্প্রদায়ের জন্য একটি মসজিদ নির্মাণের’ পরিকল্পনা করে তিনি মার্গালা এলাকার ই-ইলাভেন সেক্টরে একখণ্ড জমি কেনেন। কিন্তু তাঁর উদ্যোগ খুব সহজে বাস্তবায়িত হচ্ছে না। কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়—এমন একটি মসজিদ স্থাপনে অনুমতি দিতেই চায়নি কর্তৃপক্ষ। পাকিস্তানের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আইনানুযায়ী, মসজিদ স্থাপনের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার প্রয়োজন হয় এবং সে মসজিদ কোন সম্প্রদায়ের জন্য হবে, তা-ও বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হয়।

জটিলতা এড়ানোর জন্য জাহিদ ইকবাল ‘আল-কিতাব ফাউন্ডেশন ট্রাস্ট’ গঠন করেন। মসজিদের জন্য উপযোগী একজন ইমাম খুঁজে বের করাও ছিল তাঁর জন্য আরেকটি চ্যালেঞ্জ। এজন্য তিনি খুঁজে পান কারি জাহাঙ্গীরকে। তিনি পাকিস্তানের ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছেন। মসজিদের তত্ত্বাবধায়ক বা খতিব হিসেবে জাহিদ নিয়োগ করেছেন এমন এক ব্যক্তিকে যিনি ওই দেশের প্রেসটন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেছেন। মজার ব্যাপার হলো, ইমাম ও খতিব দুজন ভিন্ন সম্প্রদায়ের মানুষ। তবে একজন শিয়া ইমামের পেছনে নামাজ আদায়ে আপত্তি নেই খতিবের।

এ ধরনের একটি মসজিদ প্রতিষ্ঠার কারণ ব্যাখ্যা করে জাহিদ ইকবাল ‘দ্য ডন’কে বলেন, ‘নিজেদের সম্প্রদায় হিসেবে প্রতিষ্ঠিত করে এবং সংঘাত ও উচ্ছৃঙ্খল আচরণ করে আমরা নিজেরা অবিশ্বাসীদের জন্যও লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছি।’ তিনি মনে করেন, মোল্লারা আপন স্বার্থের লোভে ধর্মকে ব্যবসায়িক কর্মকাণ্ডে পরিণত করেছে।

মসজিদটিকে ‘মডেল’ অভিহিত করে জাহিদ বলেন, ‘এটি আল্লাহর ঘর। এখানে অমুসলিমেরাও আসতে ও পড়াশোনা করতে পারবেন।’ তিনি জানান, এ মসজিদে কোনো বাধা ছাড়াই নারীরা আসতে পারবেন। এর সঙ্গে আরও আছে একটি লাইব্রেরি। এতে সব সম্প্রদায়ের বইই থাকছে। দেশি-বিদেশি ব্যবসায়ীদের অর্থে প্রায় তিন কোটি রুপিতে (প্রায় দুই কোটি ৩১ লাখ টাকা) নির্মিত হচ্ছে এ মসজিদটি।

মসজিদ কর্তৃপক্ষ দরিদ্র ১০ জন শিক্ষার্থীকে স্নাতক পর্যন্ত পড়াশোনার খরচও জোগাবে। এখন পর্যন্ত ইকবাল অনেক মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন।  তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে অনেকে আমার কাজের সমালোচনা করেছেন। কিন্তু সামাজিকভাবে আমার কাজ গ্রহণযোগ্যতা পেয়েছে।’

দারুল ইমান জামিয়া মসজিদ কুর্তুবার আদর্শ ও নীতি এক বাক্যে প্রকাশ করা হয়েছে এর দেয়ালে—‘এ মসজিদ কোনো সম্প্রদায়ের মধ্যে বৈষম্য করে না এবং সব মুসলমানকে স্বাগত জানায়।’

মসজিদটির উদ্যোগ তালেবানদের মনোযোগ এড়ায়নি। ইকবাল জানান, তালেবান বাহিনীর লোকেরা তাঁর উদ্যোগকে বাধা দিতে এসেছিল। তারা বলেছিল, এ ধরনের মসজিদ প্রতিষ্ঠা ইকবালের সম্প্রদায়ের অনুকূল নয়। এরপর ইকবাল তালেবানদের সঙ্গে তর্ক করেছেন এবং বুঝিয়েছেন ইসলাম নিয়ে তাঁর যে ধারণা সেটি অমূলক নয়। তবে তালেবানেরা আবারও হুমকি নিয়ে ফিরে আসতে পারে—এ আশঙ্কাও আছে ইকবালের।

এসব বাধার বাইরে আরও অনেক ধরনের বাধা পেরুতে হয়েছে ইকবালকে। মসজিদের জন্য জমি কেনার পর এক স্থানীয় ইমাম তাঁর মাদ্রাসার ছাত্রদের দিয়ে সে জমি দখল করে নিয়েছিলেন। পরে পুলিশের সহায়তা নিয়ে ইকবালকে ওই জমি পুনর্দখল করতে হয়।

ইকবাল আশা করছেন, আসছে ঈদে ওই মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে এবং সেটিতে সব সম্প্রদায়ের মুসলমানেরা অংশ নেবে।