পাকিস্তান'সাংঘাতিক ভুল' করছে: ভারত
যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পাকিস্তান ‘সাংঘাতিক ভুল’ করছে। এ ভুলের জন্য সুযোগ বুঝে সবটুকু জোর দিয়ে ‘সমুচিত জবাব’ দেওয়া হবে। এ কথা বলে পাকিস্তানের সেনাবাহিনীকে সতর্ক করেছে ভারতের শীর্ষস্থানীয় একজন সেনা কর্মকর্তা। আজ সোমবার ডন অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের রাজৌরি জেলার জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল ভি পি সিং সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে পাকিস্তানকে হুঁশিয়ার করেন। তিনি বলেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘন করে ও সীমান্তরক্ষীদের দিয়ে হামলা চালিয়ে পাকিস্তান একটি গুরুতর ভুল করছে।’ ভারত হামলাকারী রক্ষীদের বিএটি বলে উল্লেখ করেছে।
ভারত ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সীমান্তরক্ষীরা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আসছে বলে অভিযোগ ভারতের। পাকিস্তানও অবশ্য একই অভিযোগ করে আসছে।
ভারতীয় কর্মকর্তাদের দাবি, বিএটি হচ্ছে পাকিস্তানের বিশেষ বাহিনীর সদস্য ও সন্ত্রাসীদের নিয়ে গঠিত।
বিএটির হামলার বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর কৌশল কী হবে, এমন প্রশ্নের জবাবে ভি পি সিং বলেন, ‘বিএটির হামলার নিয়ে আমরা উদ্বিগ্ন। এ ব্যাপারে আমরা পুরোপুরি সতর্ক রয়েছি। এর জবাবও দেওয়া হবে।’