পাখিটি কি হারিয়ে গেল?
সাদা ও সোনালি রঙের দৃষ্টিনন্দন পাখি সরু-ঠোঁট গুলিন্দা। ইংরেজি নাম স্লেনডার-বিলড কারলিউ। ইউরোপ, উত্তর আফ্রিকা আর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিরল পাখি। একজন নামজাদা বিশেষজ্ঞ বলছেন, ইউরোপজুড়ে কোথাও আর এর দেখা মিলছে না। খবর বিবিসির।
সরু-ঠোঁট গুলিন্দাকে সর্বশেষ যেসব স্থানে দেখা গিয়েছিল, সেই মরক্কো থেকে বলকান অঞ্চল—সবখানে খুঁজে শেষতকম রোমানিয়ার অভয়ারণ্য দানিয়ুব ডেল্টাতেও যান এক সাংবাদিক। কোথাও এর দেখা মেলেনি। প্রকৃতি সংরক্ষণবিদেরা বলছেন, সরকারি ভুল নীতিমালা আর বিশ্বায়নের প্রভাবে বিরল এই পাখি চিরতরে হারিয়ে যেতে বসেছে।
রুমানিয়ায় প্রকৃতি সংরক্ষণের ক্ষেত্রে প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব ইয়ানোশ বোটন্ড কিস। তিনি মনে করেন না যে কেবল শিকারের কারণেই দানিয়ুব ডেল্টা অভয়াশ্রম থেকে উধাও হয়েছে সরু-ঠোঁট গুলিন্দা। তিনি বলেন, ‘এর জন্মস্থান রাশিয়ায় কী হয়েছে, তা আমাদের জানা নেই। কারণ, সে দেশের তথ্য পাওয়া দুষ্কর।’
ইয়ানোশ কিসের বক্তব্য, ভ্রান্ত কৃষিব্যবস্থার কারণে হাজার হাজার একর ভূমি কৃষির আওতায় আনা হয়েছে। উৎখাত হয়েছে বন্য প্রাণী।
১৯৯৮ সালে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে পাখিটিকে শেষবার দেখা যায়। এটি বিশ্বব্যাপী চূড়ান্ত বিপন্ন বলে চিহ্নিত। ধরা হয় মাত্র ৫০ পাখি এখন জীবিত আছে।
সরু ঠোঁট-গুলিন্দার বন্ধু পাখিদের মধ্যে সাদা পেলিক্যান এবং কালো স্টর্ক সবাই আছে। শরতের এই সময়ে পরিযায়ী পাখিরা ছড়িয়ে পড়ছে বিভিন্ন প্রান্তে। কেবল নেই গুলিন্দা।
সংরক্ষণবিদ ইয়ানোশ কিস বলেন, সবকিছুই একসময় সৃষ্টি হয়। ক্রমে তা পরিণত হয়, একসময় হয় বিনাশ। তবে মানুষ যদি এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে উঠেপড়ে লাগে, তা নিঃসন্দেহে একটা বিরাট পাপ।