পাচার হওয়া নারী-শিশু রক্ষায় নতুন উদ্যোগ
ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইসহ বিভিন্ন স্থানে পাচার হয়ে যাওয়া বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নারী-শিশুদের রক্ষার জন্য নতুন উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সরকার।
নারী ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী শশী পাঁজা জানান, এই চুক্তি স্বাক্ষরের জন্য পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট মন্ত্রকের সচিব রোশনি সেন মুম্বাই গেছেন।
গত দুই বছরে ভারতের মহারাষ্ট্র ও কর্ণাটকসহ দক্ষিণের বিভিন্ন রাজ্য থেকে পাচার হওয়া অন্তত সাড়ে ৪০০ নারীকে পশ্চিমবঙ্গে ফেরত পাঠানো হয়েছে। এসব নারীকে রাজ্য সরকার বিভিন্ন হোমে রাখতে বাধ্য হয়েছে।
জানা গেছে, দক্ষিণের ওই সব রাজ্যে অবৈধভাবে বসবাস করা অথবা যৌনকর্মে যুক্ত নারীদের গ্রেপ্তারের সময় বাংলায় কথা বললেই পুলিশ তাঁদের ‘বাংলাদেশি’ হিসেবে চিহ্নিত করে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দেয়। তাই এখন থেকে অবৈধভাবে বসবাস করা বা যৌনকর্মের পেশায় জড়িত কাউকে গ্রেপ্তার করলে প্রথমে তাঁদের নাগরিকত্ব যাচাই করবে পুলিশ। গ্রেপ্তার হওয়া নারী ও শিশুরা পশ্চিমবঙ্গের না বাংলাদেশের, তা নিশ্চিত হওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের কেউ পশ্চিমবঙ্গের হলে তাঁদের পাঠিয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গে। আর যদি বাংলাদেশের হয়, তবে তাঁদের বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।