পাঞ্জাব ও উত্তরাখন্ড রাজ্যের বিধানসভা নির্বাচন আজ
ভারতের পাঞ্জাব ও উত্তরাখন্ড রাজ্যে বিধানসভা নির্বাচন আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। পাঞ্জাবের ১১৭টি আসনে লড়ছেন এক হাজার ৭৮ জন প্রার্থী। আর উত্তরাখন্ডের ৭০টি আসনে লড়ছেন ৭৮৮ জন প্রার্থী। এ ছাড়া উত্তর প্রদেশের বিধানসভার নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে। সাত দফায় এ নির্বাচন শেষ হবে আগামী ৩ মার্চ। এর আগে গত শনিবার মণিপুর রাজ্যের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ পাঁচটি রাজ্যের নির্বাচনের ফল আগামী ৪ মার্চ একই সঙ্গে ঘোষিত হবে।জনসংখ্যার দিক থেকে ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৫৫টি আসনে প্রার্থী সংখ্যা ৮৫৭ জন। এর মধ্যে ১০৯ জনের বিরুদ্ধে রয়েছে খুন, অপহরণ, ডাকাতি ও দুর্নীতির মামলা। উত্তর প্রদেশের নির্বাচন তদারকি সংস্থা ইউপিইডব্লিউ এ তথ্য প্রকাশ করেছে। অপরাধীদের তালিকার শীর্ষে রয়েছে সমাজবাদী পার্টি। তাদের ২৮ জন প্রার্থী রয়েছেন এ তালিকায়। এ ছাড়া বহুজন সমাজ পার্টির ২৪ জন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ২৪ জন এবং কংগ্রেসের ১৫ জন প্রার্থীর নাম রয়েছে এ তালিকায়। এদিকে বিজেপি উত্তর প্রদেশে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। তারা বলেছে, বিজেপি এবার ক্ষমতায় এলে রাজ্যের এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করা হবে, গরিব কৃষক পরিবারগুলোকে একটি করে গরু দেওয়া হবে এবং অযোধ্যায় রামমন্দির গড়ে তোলা হবে।