পাঠশালায় 'দ্য স্টর্ম' নিয়ে আলোচনা

বাংলাদেশি বংশোদ্ভূত লেখক আরিফ আনোয়ারের ইংরেজি ভাষায় লেখা উপন্যাস ‘দ্য স্টর্ম’-এর বিশাল ক্যানভাস জুড়ে ফুটে উঠেছে ঔপনিবেশিকতা, সাম্প্রদায়িকতা, অভিবাসন, অভিবাসনের দ্বন্দ্ব-অভিঘাত, মানবিক সম্পর্কের টানাপোড়েন প্রভৃতি। ২২ নভেম্বর কানাডার টরন্টোর এগলিনটন স্কোয়ার টরন্টো পাবলিক লাইব্রেরিতে দর্শন-সমাজ-সংস্কৃতি ও বিজ্ঞান চর্চা কেন্দ্র ‘পাঠশালা’র নবম আসরে বইটি নিয়ে আলোচনা সভা হয়।
আলোচনায় বক্তারা বলেন, ৪টি দেশ, ৫টি পরিবার, ৭টি দশক ও একটি প্রাণঘাতী ঝড় ‘দ্য স্টর্ম’ উপন্যাসের মহাকাব্যিক বিস্তারের মধ্যে ধরা আছে। ১৯৪২-এর বার্মা, ১৯৪৬-এর ভারত, ১৯৭০-এর বাংলাদেশ এবং ২০০৪-এর যুক্তরাষ্ট্রের ক্রান্তিকাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ অধিকৃত বার্মায় জাপানের আক্রমণের সময়কাল, দেশভাগের প্রাক্কালে ভারত, জলোচ্ছ্বাসের সময়কার বাংলাদেশ এবং ৯/১১ পরবর্তী সন্ত্রাসবিরোধী যুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্র নিয়ে লেখা হয়েছে এই উপন্যাসটি।
অনুষ্ঠানে প্রথমে বক্তব্য দেন বইটির লেখক আরিফ আনোয়ার। তিনি তাঁর বক্তব্যে উপন্যাসটি লেখার পটভূমি, অভিজ্ঞতা, পেছনের গল্প ও বইটির সারবস্তু তুলে ধরেন।
দ্বিতীয় পর্বে আরিফ আনোয়ার, অদিতি জহির ও ফারহানা আজিম শিউলীর যৌথ অংশগ্রহণে উঠে আসে বইটির বিষয়বস্তু ও আঙ্গিক সম্পর্কিত নানা বিষয়-আশয়! বাংলাদেশি-কানাডিয়ান লেখক আরিফ আনোয়ারের প্রথম উপন্যাস ‘দ্য স্টর্ম’ এ বছরের মার্চ মাসে বের করে বিশ্বব্যাপী পরিচিত প্রকাশনা-সংস্থা হারপার কলিন্স পাবলিকেশনস, কানাডা এবং যুক্তরাষ্ট্রের সাইমন অ্যান্ড শুস্টার। উত্তর আমেরিকার ও ইউরোপের মূলধারার গণমাধ্যম নিউইয়র্ক টাইমস, গার্ডিয়ান থেকে শুরু করে সিবিসি বুকসে বইটি নিয়ে ইতিবাচক আলোচনা প্রকাশিত হয় এটি প্রকাশিত হওয়ার পর পরই। প্রতিশ্রুতিশীল লেখক হিসেবে এখানকার সাহিত্য জগতে বেশ আলো পড়ে আরিফ আনোয়ারের ‘দ্য স্টর্ম’ উপন্যাসের ওপর। তাঁর সম্পর্কে বলা হয়, তিনি ‘immensely talented new voice in international fiction.’ তাঁর ‘দ্য স্টর্ম’ এপিক হিসেবে, বিশ্বখ্যাত লেখক খালেদ হোসাইনির ‘দ্য কাইট রানার’ এবং রোহিনতন মিস্ত্রির ‘দ্য ফাইন ব্যালেন্সে’র ধারার লেখার মর্যাদা পায়। আন্তর্জাতিক পাঠক ফোরাম গুডরিডসে বইটির রেটিং এবং পাঠ প্রতিক্রিয়া বিশ্বব্যাপী পাঠকদের মধ্যে অত্যন্ত ইতিবাচক প্রভাব বিস্তার করেছে। উল্লেখ্য, সিবিসি বুকসের এ বছরের উল্লেখযোগ্য বইয়ের তালিকায় ‘দ্য স্টর্ম’-এর অবস্থান দ্বিতীয়। বইটি ইতিমধ্যে জার্মান, ইতালিয়ান ও তুর্কি ভাষায় অনূদিত হয়েছে।
উপন্যাসে পূর্বোল্লিখিত দেশগুলোর বিচিত্র পটভূমির নানা চরিত্র লেখক আরিফ আনোয়ার তাঁর আখ্যানে গেঁথে তুলেছেন। গল্পে আছে দরিদ্র বাংলাদেশি জেলে জমির, তাঁর স্ত্রী হনুফা ও তাঁদের ছোট সন্তান ও সচ্ছল ভারতীয় মুসলিম রহিমের কথা যে তাঁর স্ত্রীসহ দেশভাগের আগে আগে হিন্দু-মুসলিম দাঙ্গায় কলকাতা ছেড়ে পূর্ববঙ্গে চলে গিয়েছিল। পাওয়া যায় ক্লেয়ার নামের এক ব্রিটিশ ডাক্তারকে, যিনি চিকিৎসা করেছিলেন ধরা পড়া জাপানি পাইলট ইচিরোর। পাওয়া যায় মূল চরিত্র শাহরিয়ারকে, যাঁর ভিসা শেষ হয়ে যাওয়ায় আমেরিকা ছাড়ার সময় হয়ে এলে নানান অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। আছে শাহরিয়ারের সন্তান আনা ও আরও কয়েকটি চরিত্রের কথা। সব কটি চরিত্রের সঙ্গে প্রধান চরিত্র শাহরিয়ারের জীবনের যোগসূত্র স্থাপনের দুঃসাধ্য কাজটি যথেষ্ট দক্ষতায় সম্পন্ন করেছেন লেখক আরিফ আনোয়ার।
সবশেষে আগত উপস্থিত সাহিত্যানুরাগীদের সঙ্গে এক প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বে মিলিত হন ‘দ্য স্টর্মে’র লেখক আরিফ আনোয়ার।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন লেখক-অনুবাদক ফারহানা আজিম শিউলী।