পাঠ্যবইয়ে প্রণব রাষ্ট্রপতি!
ভারতে এখনো রাষ্ট্রপতি নির্বাচন হয়নি। এর আগেই মহারাষ্ট্র রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রকাশিত পাঠ্যবইয়ে সংযুক্ত প্রগতিশীল জোটের (ইউপিএ) প্রার্থী প্রণব মুখার্জিকে ভারতের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।ভারতের মহারাষ্ট্র রাজ্যে সদ্য প্রতিষ্ঠিত গন্দওয়ানা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থীদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ‘ভারতে গণতন্ত্র’ শীর্ষক ওই বইয়ের চতুর্থ অধ্যায়ের ৮৪ পৃষ্ঠায় ‘কেন্দ্রীয় নির্বাহী’ শীর্ষক অনুচ্ছেদে দেশের চতুর্দশ রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জির নাম উল্লেখ করা হয়। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের উপস্থিতিতে কয়েক দিন আগে বইটির প্রকাশনা অনুষ্ঠান হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বিভিন্ন কলেজের ৪০ জন শিক্ষক উপস্থিত ছিলেন। বইটি লিখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিষয়ক বোর্ডের প্রধান সঞ্জয় গোর এবং রাজনীতিবিজ্ঞান-বিশেষজ্ঞ মধুরকার অর্জুনকার। পিটিআই।