পাথর বেঁধে তাদের ডুবিয়ে দেওয়া উচিত: পোপ

পোপ ফ্রান্সিস গতকাল সোমবার বাইবেল উদ্ধৃত করে নসিহত করেছেন যে, কিছু পাপীকে পাথর বেঁধে পানিতে ডুবিয়ে মারা উচিত।
আর্জেন্টিনীয় এ ধর্মগুরু বলেন, অনেক খ্রিষ্টান জনগণের অর্থ চুরি করে চার্চে দান করেন। এসব ব্যক্তি কার্যত ‘দু-মুখো’ জীবন যাপন করে। তিনি বাইবেলে সাধু লুকের আচরিত নীতিমালা থেকে উদ্ধৃত করেন: ‘যিশু বলেন, “গলায় জাঁতার পাথর বেঁধে তাকে সমুদ্রে নিক্ষেপ করা উচিত। কারণ এ ধরনের দু-মুখো ব্যক্তিরা (প্রতারক) ঈশ্বরকে ধারণ করে না।”’
টাইমস অব ইন্ডিয়া জানায়, পোপ তাঁর ভাষণে ক্যাথলিক চার্চের ভেতরকার দুর্নীতিকে সরাসরি উল্লেখ করেননি, তবে পরিষ্কার ইঙ্গিত করেছেন। দুর্নীতিগ্রস্তদের পোপ ‘চুনকাম করা কবরের’ সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, ‘বাইরে থেকে দেখতে তাদের বেশ সুন্দর লাগে। কিন্তু ভেতরে কেবল পচে যাওয়া হাড়-মাংস।’ তিনি আরও বলেন, ‘দুর্নীতিগ্রস্তের জীবন পচা মাংসের মতো মিলিয়ে যাবে।’
পোপ গতকাল সকালে ভ্যাটিকানে অবস্থিত তাঁর বাসভবন কাসা সান্তা মার্থায় (সাধু মার্থার ভবন) উপদেশ দান সেশনে এসব কথা বলেন। এর আগে গত শুক্রবারও তিনি দুর্নীতিবিরোধী উপদেশ দেন। সেদিন তিনি বলেছিলেন, যে মা-বাবারা ঘুষ-দুর্নীতির মধ্যদিয়ে অর্থ আয় করেন, তাঁরা নিজেদের ‘মর্যাদা হারান’ এবং নিজের সন্তানদের ‘পচা খাবার’ খাওয়ান।
ঘুষ খাওয়াকে তিনি ‘মাদক’ বলে অভিহিত করেন। তিনি বলেন, এটি মাদক, কারণ একসময় ঘুষ খাওয়া ছাড়া ওই ব্যক্তিরা চলতে পারে না।