পাথরে প্রতিশ্রুতি মিলিব্যান্ডের
মুখের কথাতেই শেষ নয়, এবার পাথরের স্তম্ভে নির্বাচনী প্রতিশ্রুতি খোদাই করে দিলেন যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড। সাধারণ নির্বাচনের প্রচারণার শেষ পর্যায়ে গত রোববার আড়াই মিটারের ওই পাথরের স্তম্ভ উন্মোচন করেছেন তিনি। মিলিব্যান্ডের নির্বাচনী প্রচারণার এই কৌশলকে তীব্র উপহাস করেছেন তাঁর বিরোধীরা। সামাজিক মাধ্যমগুলোয় এ নিয়ে চলছে মশকরা।
লেবার পার্টির সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টির তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে।
স্তম্ভটি উন্মোচন করার পর এড মিলিব্যান্ড বলেন, ‘এই ছয়টি প্রতিশ্রুতি এখন পাথরে খোদাই করা রয়েছে। পাথরের ওপর খোদাই করার কারণ এটাই, সাধারণ নির্বাচনের পরও এটি মুছে যাবে না। আমি চাই আমাদের স্মরণ করিয়ে দেওয়া এবং এ ব্যাপারে চাপ দেওয়ার জন্য ব্রিটেনের জনগণ এই প্রতিশ্রুতির কথা মনে রাখুক। আমি চাই, আমরা যে ওই প্রতিশ্রুতিগুলো রক্ষা করব, সে ব্যাপারে জনগণের মধ্যে কোনো সন্দেহ না থাকুক।’
মিলিব্যান্ড আরও বলেন, ‘এই সাধারণ নির্বাচনের প্রচারণায় যেসব প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো রক্ষা করার মাধ্যমে আমরা রাজনীতিতে জনগণের আস্থা ফিরিয়ে আনব।’
লেবার পার্টির ছয়টি প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ‘অভিবাসন নিয়ন্ত্রণ’, ‘শ্রমজীবী পরিবারের জীবনমান বৃদ্ধি’ ও ‘শক্ত অর্থনৈতিক ভিত্তি’।
টেলিগ্রাফ পত্রিকার নিবন্ধকার টিম স্ট্যানলি একে ‘ইতিহাসের সবচেয়ে বড় আত্মহত্যার চিরকুট’ বলে বর্ণনা করেছেন। কনজারভেটিভ পার্টির নেতা লন্ডনের মেয়র বরিস জনসন খোঁচা দিয়ে বলেন, স্তম্ভে প্রতিশ্রুতি লিখে রাখার ধারণাটি মনে হয় বাইবেল থেকে নেওয়া হয়েছে।