পানামা পেপারসের উদ্দেশ্য কী?
পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার ফাঁস হওয়া ১ কোটি ১৫ লাখ গোপন নথি নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। প্রশ্ন উঠেছে পানামা পেপারসের নিরপেক্ষতা নিয়ে। এর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠেছে। সমালোচকেরা বলছেন, ফনসেকা নাম নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মিথ্যা প্রচার চালাচ্ছে।
সমালোচকেরা বলছেন, সিরিয়া, রাশিয়া, আর্জেন্টিনা, চীন, পাকিস্তান, মিসরের মতো দেশগুলোকে নিচু করতেই এই নথি ফাঁস করা হয়েছে। আইসল্যান্ড, যুক্তরাজ্য ছাড়া এখানে আর কোনো পশ্চিমা দেশ নেই। অনেক তাত্ত্বিক এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। এর সপক্ষে তাঁরা যুক্তিও হাজির করেছেন। সেটি হলো, ফনসেকার নথিতে কোনো মার্কিন নেতার নাম নেই। ন্যাটো বা জাতিসংঘের কোনো দুর্নীতিরও উল্লেখ নেই।
রাশিয়ার সরকার মোসাক ফনসেকার নথি উড়িয়ে দিয়েছে। তাঁরা বলছে, পানামা পেপারস ভিত্তিহীন। আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্দুর দাভিয়ো গুনলাগসন টেলিভিশনের সরাসরি সম্প্রচারের মাধ্যমে সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন না। পানামা পেপারসে বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রয়াত বাবা ইয়ান ক্যামেরনের নাম এসেছে। শেয়ারবাজারে বিনিয়োগের ব্যবসা করতেন ২০১০ সালে মারা যাওয়া ইয়ান ক্যামেরন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর পরিবার বলছে, এই তদন্ত একেবারেই তাদের (ফনসেকা) ‘ব্যক্তিগত’।
গতকাল সোমবার ফাঁস হওয়া পানামা পেপারসে বিশ্বের শতাধিক ক্ষমতাধর মানুষ বা তাঁদের নিকটাত্মীয়দের বিদেশে টাকা পাচারের তথ্য পাওয়া গেছে। তালিকায় দেখা গেছে চীন, যুক্তরাজ্য, সৌদি আরবের মতো ক্ষমতাধর রাষ্ট্রের রাষ্ট্র ও সরকারপ্রধান বা তাঁদের আত্মীয় এসব অর্থ পাচারের সঙ্গে জড়িত। শুধু রাষ্ট্র বা সরকারপ্রধানেরাই নন, বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসি থেকে ভারতীয় চিত্রনায়িকা ঐশ্বরিয়া রাই—তালিকায় আছে অনেকেরই নাম। আছেন অমিতাভ বচ্চনও। মেক্সিকোর মাদকসম্রাট বা সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগের কারণে যুক্তরাষ্ট্র সরকারের কালো তালিকায় থাকা ব্যবসায়ীরাও বাদ যাননি এ তালিকা থেকে।
আরও জানতে পড়ুন
অর্থ পাচারে রাষ্ট্রনেতারা
প্রশ্নবিদ্ধ ক্ষমতাধর ও স্বজনেরা