পানামার জালে এবার উত্তর কোরিয়া
‘পানামা পেপারস’ বিশ্বের হোমরাচোমরা ব্যক্তিদের অর্থ কেলেঙ্কারির ঘটনা ফাঁস করার পর এবার উত্তর কোরিয়ার শীর্ষ সারির একটি প্রতিষ্ঠানের তথ্য ফাঁস করেছে।
আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত এই প্রতিষ্ঠানটিও মোসাক ফনসেকা নামে পানামার একটি আইনি পরামর্শক প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের ঠিকানা দিয়ে ২০০৬ সালে ডিসিবি ফাইন্যান্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস (বিভিআই) নামের একটি প্রতিষ্ঠানের কাছে নিবন্ধিত হয়েছিল। পানামা পেপারসের ফাঁস হওয়া নথিতে বলা হয়েছে, মোসাক ফনসেকা ওই প্রতিষ্ঠানটিকে আইনগত সহায়তা করেছে। ওই বছরই উত্তর কোরিয়া প্রথমবারের মতো পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে পরিচালনা করে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়ার কর্মকর্তা ও ব্রিটিশ ব্যাংকার কিম শোল-সাম ও নিগেল কাউয়ির মাধ্যমে ডিসিবি ফাইন্যান্স লিমিটেড নিবন্ধিত হয়েছিল। ১৯৯৫ সালে ওই দুজন ব্রিটেন থেকে উত্তর কোরিয়া গিয়ে দেদং ক্রেডিট ব্যাংক নামের প্রথম একটি বিদেশি ব্যাংকের প্রধান হিসেবে যোগ দিয়েছিলেন। ডিসিবি ফাইন্যান্স এই ব্যাংকেরই একটি শাখা প্রতিষ্ঠান।
ফাঁস হওয়া নথিতে বলা হয়েছে, ২০১০ সালে বিভিআই-এর ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন এজেন্সি ডিসিবি’র পুরো প্রাতিষ্ঠানিক বৃত্তান্ত জানতে একটি চিঠি পাঠায়। এর আগ পর্যন্ত পিয়ংইয়ংয়ের ঠিকানা দেওয়া সত্ত্বেও মোসাক ফনসেকা উত্তর কোরিয়ার সঙ্গে ডিসিবি’র কোনো সম্পৃক্ততা খুঁজে পায়নি। এ কারণেই পরে আইনগত সহায়তাকারী এই প্রতিষ্ঠানটি ডিসিবি’র এজেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।
পরের বছর নিগেল কাউয়ি বলেন, কোনো ধরনের অবৈধ লেনদেনের ব্যাপারে সচেতন ছিলেন না। তিনি শুধু চায়নিজ কনসোর্টিয়াম থেকে বিক্রি করা শেয়ার দেদং ক্রেডিট ব্যাংকের মাধ্যমে কিনেছিলেন।
২০১৩ সালের জুন মাসে দেদং ক্রেডিট ব্যাংক, ডিসিবি ও কর্মকর্তা কিম শোল-সাম মার্কিন নজরদারিতে পড়ে যান। ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে মূল অর্থনৈতিক সহযোগিতা দেওয়ায় তাদের নজরদারিতে রাখা হয়।
মার্কিন রাজস্ব বিভাগ বলছে, ডিসিবি ফাইন্যান্স কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই এবং অব্যসায়িকভাবে উত্তর কোরিয়ার সঙ্গে আন্তর্জাতিক লেনদেন করেছে।
বিশ্বের যেসব প্রতিষ্ঠান গোপনীয়তা রক্ষার জন্য বিখ্যাত, মোসাক ফনসেকা সেগুলোর একটি। পানামার এ প্রতিষ্ঠানের অজস্র নথি ফাঁসের এ ঘটনা ‘পানামা পেপারস’ কেলেঙ্কারি নামে পরিচিতি পেয়েছে।