পানামার সাবেক একনায়ক নরিয়েগাকে ফ্রান্সে প্রত্যর্পণ
পানামার সাবেক নেতা ম্যানুয়েল নরিয়েগাকে ফ্রান্সে প্রত্যর্পণ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে ২০ বছরের বেশি কারাভোগ করার পর গতকাল মঙ্গলবার তাঁকে ফ্রান্সে নিয়ে যাওয়া হয়।মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রত্যর্পণপত্রে স্বাক্ষর করার পর নরিয়েগাকে মিয়ামি ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে এয়ার ফ্রান্সের একটি বিমানে তুলে দেওয়া হয়। মঙ্গলবার সকালে তাঁকে নিয়ে বিমানটি প্যারিস বিমানবন্দরে অবতরণ করে।অর্থ পাচার মামলায় ফ্রান্সে দোষী সাব্যস্ত হয়েছেন নরিয়েগা। তাঁর অনুপস্থিতে ১৯৯৯ সালে দোষী সাব্যস্ত করে একটি ফরাসি আদালত তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে শিগগিরই আদালতে হাজির করা হতে পারে। তা ছাড়া তাঁর বিরুদ্ধে নতুন করে মামলাও করা হতে পারে।ফ্রান্সের বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র গুলামি দিদিয়ার বার্তা সংস্থা এএফপিকে বলেন, দুই মাসের মধ্যেই নরিয়েগার বিচার শুরু হবে। তিনি জানান, তাঁর প্রত্যর্পণের বিষয়টি যুক্তরাষ্ট্র দুই সপ্তাহ আগে ফ্রান্সকে জানিয়েছিল। তবে নরিয়েগার আইনজীবী ফ্রাঙ্ক রুবিনো মিয়ামিতে বিবিসিকে জানান, এ বিষয়ে তাঁদের কিছুই জানানো হয়নি। তাঁরা গণমাধ্যম থেকেই বিষয়টি জেনেছেন।যুক্তরাষ্ট্রে ১৭ বছর কারাভোগ শেষে ২০০৭ সালে তাঁকে পানামায় পাঠানোর জন্য মার্কিন সরকারের কাছে আবেদন করেন নরিয়েগা। তবে মার্কিন সুপ্রিম কোর্ট গত ফেব্রুয়ারিতে তাঁর ওই আবেদন খারিজ করে দেন।পানামা সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের সিদ্ধান্তের প্রতি তারা সম্মান জানায়। তবে তারা নরিয়েগাকে দেশে ফিরিয়ে নিতে চেষ্টা করবে। কেননা, পানামাতেও তিনি সাজাপ্রাপ্ত আসামি।অনেক বছর ধরে পানামার সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান থাকার পর নরিয়েগা ১৯৮২ সালে সে দেশের ক্ষমতাধর ন্যাশনাল গার্ডের কমান্ডার হন। এর পর থেকে তিনি কার্যত দেশের শাসক হয়ে যান।তবে এর আগে ১৯৬০-এর দশকের শেষের দিকে নরিয়েগা সিআইয়ের এজেন্ট হিসেবে কাজ শুরু করেন এবং ১৯৮৭ সাল পর্যন্ত তিনি সিআইএকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। কিন্তু ১৯৮৮ সালে তাঁর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনে যুক্তরাষ্ট্র সরকার।পরের বছর বিতর্কিত পার্লামেন্ট নির্বাচনের পর দেশে যুদ্ধাবস্থা ঘোষণা করেন নরিয়েগা। এতে করে পানামা খাল এলাকায় আগে থেকে মোতায়েন মার্কিন বাহিনী এবং পানামা বাহিনীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। মধ্য ডিসেম্বর নাগাদ পরিস্থিতির আরও অবনতি হওয়ায় তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ পানামায় অভিযান চালাতে তাঁর সেনাবাহিনীকে নির্দেশ দেন। মার্কিন বাহিনীর অভিযানের মুখে নরিয়েগা ভ্যাটিকান দূতাবাসে আশ্রয় নেন এবং একপর্যায়ে ১৯৯০ সালের ৩ ডিসেম্বর তিনি আত্মসমর্পণ করেন। এর পর তাঁকে মিয়ামিতে নেওয়া হয় বিচারের জন্য। মাদক পাচার, অর্থ পাচার এবং অবৈধভাবে অর্থ উপার্জনের দায়ে ১৯৯২ সালে তিনি মার্কিন আদালতে দোষী সাব্যস্ত হন এবং তাঁকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে সাজা কমিয়ে ৩০ বছর এবং সর্বশেষ ভালো আচরণের জন্য সাজার মেয়াদ কমিয়ে ১৭ বছর করা হয়। বিসিসি, এএফপি।