পানামার সাবেক স্বৈরশাসক নরিয়েগার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানামার সাবেক স্বৈরশাসক ম্যানুয়েল অ্যান্তনিও নরিয়েগা (৮৩) গত সোমবার পানামা শহরে মারা গেছেন। ১৯৮৩ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত নিজ শাসনামলে করা অপরাধের জন্য কারাভোগ করছিলেন তিনি।

ম্যানুয়েল অ্যান্তনিও নরিয়েগা পানামা শহরের সরকারি সান্টো টোমাস হাসপাতালে মারা যান। এই হাসপাতালে গত মার্চে মস্তিষ্কের টিউমার অপসারণে অস্ত্রোপচার করান তিনি। এরপর থেকে তিনি এখানেই চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুর খবর সরকারিভাবে নিশ্চিত করা হয়। নরিয়েগা তাঁর শাসনামলে ঘটা গুম ও হত্যকাণ্ডের অপরাধে পানামাতে কারাভোগ করছিলেন। অস্ত্রোপচারের জন্য গত ২৮ ফেব্রুয়ারি তাঁকে অস্থায়ী জামিন দেওয়া হয়েছিল।

পানামার প্রেসিডেন্ট হুয়ান কারলোস ভারেলা টুইটারে লিখেছেন, ‘নরিয়েগার মৃত্যুতে আমাদের ইতিহাসের একটি অধ্যায়ের ইতি ঘটল।’

নরিয়েগা প্রোস্টেট ক্যানসারসহ আরও কিছু রোগে ভুগছিলেন। তাঁর জন্য পারিবারিকভাবে স্বগৃহে বন্দী থাকার আবেদন জানালেও কর্তৃপক্ষ রাজি হয়নি। ১৯৮৯ সালের ডিসেম্বরে মার্কিন সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত হওয়ার পর নরিয়েগা পরের বছর জানুয়ারিতে আত্মসমর্পণ করেন।