পানি ও জ্বালানি নিয়ে হাহাকার দ্বিগুণ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে পানি ও জ্বালানির সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে। উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধি ও অর্থনীতির আকার বেড়ে যাওয়ায় সামনের দশকগুলোতে জ্বালানি ও পানির চাহিদা নিয়ে হাহাকার দ্বিগুণ হবে। গতকাল শুক্রবার জাতিসংঘের এক প্রতিবেদনে এসব কথা জানানো হয়েছে।
বিশ্ব পানি দিবসের (২২ মার্চ) প্রাক্কালে গতকাল প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, জনসংখ্যা বৃদ্ধি ও অর্থনীতির আকার বেড়ে যাওয়ার কারণেই সামনের দশকগুলোতে বিশুদ্ধ পানি ও বিদ্যুতের চাহিদা বাড়তেই থাকবে। এ ছাড়া মানুষের জীবনাচরণ ও এসবের ব্যবহারে পরিবর্তন আসবে। তাই চাহিদা পূরণে এসবের উৎপাদন বিশ্বের সীমিত সম্পদের ওপর মারাত্মক প্রভাব ফেলবে।
‘দ্য ওয়ার্ল্ড ওয়াটার ডেভেলপমেন্ট রিপোর্ট’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো। এটি সংস্থাটির সিরিজ প্রতিবেদনের পঞ্চমটি।
ইতিমধ্যে বিশ্বের ৭৬ কোটি ৮০ লাখ মানুষ নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত, আড়াই শ কোটি মানুষ যথোপযুক্ত স্যানিটেশন সুবিধা পায় না আর ১৩০ কোটিরও বেশি মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। এএফপি।