পানি থেকে লাফিয়ে মাছ আটকে গেল তাঁর গলায়

প্রতীকী ছবি। এএফপি

মাছ ধরতে গিয়েছিলেন এক ব্যক্তি। বড়শি ফেলে পানির ধারে অপেক্ষা করছিলেন। হঠাৎ বিপত্তি বাধে। পানি থেকে একটি মাছ লাফ দিয়ে ওঠে। এরপর চোখের পলকে সেটি ওই ব্যক্তির গলায় ঢুকে যায়। আকস্মিক এই বিপত্তিতে ঘাবড়ে যান তিনি। গলায় আটকে থাকা মাছের কারণে শ্বাস নিতে সমস্যা হওয়ায় তাঁকে ছুটতে হয় হাসপাতালে। সেখানে অস্ত্রোপচার করে মাছটি বের করেন চিকিৎসকেরা।

ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, ওই ব্যক্তির বাড়ি থাইল্যান্ডের পাথালাং প্রদেশে। বড়শি দিয়ে মাছ ধরা তাঁর শখ। গত ২২ মে বড়শি ফেলে মাছের অপেক্ষায় বসে থাকার সময় এই অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। তবে সংবাদমাধ্যমে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির গলায় ঢুকেছিল কাঁটাযুক্ত আনাবাস মাছ। এটি লম্বায় ছিল প্রায় পাঁচ ইঞ্চি। এ প্রজাতির মাছ স্বাদু পানিতে বসবাস করে। পানির ওপরের অংশে লাফালাফি করে। দেখতে অনেকটা কই মাছের মতো। মাছটি ওই ব্যক্তির গলা দিয়ে ঢুকে নাসিকা গহ্বরে গিয়ে আটকে যায়। তাই ওই ব্যক্তি নিশ্বাস নিতে সমস্যায় পড়েন। বড়শি ফেলে তাঁকে ছুটতে হয় হাসপাতালে।

তাঁর শারীরিক অবস্থা দেখে ভড়কে যান চিকিৎসকেরা। থাইল্যান্ডের পাথালাং প্রাদেশিক হাসপাতালের কর্মকর্তা সারমশ্রী পাথোমপানিচারাত বলেন, মাছ ধরতে গিয়ে কারও গলায় জ্যান্ত একটি মাছ ঢুকে গেছে—এমন ঘটনা সচরাচর দেখা যায় না। এর আগে এমন বিচিত্র সমস্যা নিয়ে কেউ হাসপাতালে আসেননি। তাই চিকিৎসকেরা শুরুতে কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন।

এক্স-রে করে দেখা যায়, মাছটি ওই ব্যক্তির নাসিকা গহ্বরে আটকে আছে। মাছটির অবস্থান শনাক্ত করার পর জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। সফল অস্ত্রোপচারের মধ্য দিয়ে ওই ব্যক্তির গলা থেকে মাছটি বের করে আনা হয়।

গত মার্চে থাইল্যান্ডে একই ধরনের ঘটনা ঘটেছিল। নোপাদল শ্রিংগাম নামের এক ব্যক্তি দেশটির আও তান খু সৈকতে সাঁতার কাটছিলেন। এ সময় হঠাৎ একটি করাত মাছ ওই ব্যক্তির ঘাড়ে আঘাত করে।